বিশ্বকাপ নিয়ে ভাগ্যিস সাকিবের সেই ভাবনাটা এসেছিল

বিশ্বকাপে কী খেলাটাই না খেলেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে এক বছর আগে নিঃসন্দেহে তিনি ছিলেন প্রতিযোগিতার অন্যতম সেরা খেলোয়াড়। ৮ ম্যাচে ৬০৬ রান আর ১১ উইকেট—সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে ৩২১ রানের পাহাড় ঠেলে দেশকে জেতানোর ঘটনাটিতে ইতিহাসই হয়ে গেছে। কীভাবে বিশ্বকাপে নিজেকে এমন ধারালো করে তুললেন সাকিব। তিনি জানিয়েছেন ছোট্ট একটা অনুধাবনই তাঁকে বিশ্বকাপের আগে পুরোপুরি বদলে দেয়।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে এক ভিডিও আড্ডায় সাকিব বিশ্বকাপে নিজেকে পুরোপুরি বদলে ফেলার পেছনের গল্পটা বলেছেন। আগে তিনটি বিশ্বকাপ খেলে করেছিলেন ৫৪০ রান আর ২১ ম্যাচে ২৩ উইকেট—এ পরিসংখ্যানটিই নাকি তাঁকে ভাবতে বাধ্য করেছিল, বিশ্বকাপে কখনোই তিনি নিজের সামর্থ্যের পুরোটা দিতে পারেননি।
২০১৮ সালের শেষ দিকে নাকি বিশ্বকাপ নিয়ে নিজের চিন্তার জগতে তাঁর বড় পরিবর্তন আসে, '২০১৮ সালের শেষ দিকে আমার মনে হলো আমি আগের তিন বিশ্বকাপে মোটেও আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। সুতরাং আমি ভাবলাম, ২০১৯ বিশ্বকাপে আমাকে দারুণ কিছু করতেই হবে।'
এমন ভাবনা ভাবতে ভাবতেই ২০১৯ সালের আইপিএলে খেলতে যান তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তাঁর সেই আইপিএল মোটেও সুখকর ছিল না। একাদশ থেকেই বাদ পড়ে গিয়েছিলেন তিনি, 'আইপিএলে দুটি ম্যাচ খেলার পর আমার মনে হলো দলের বিদেশি খেলোয়াড়েরা যা খেলছে, তাতে আমার একাদশে ফেরার কোনো সুযোগ নেই। আমি তখন ভাবলাম, আইপিএলের সুযোগ–সুবিধাই বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে লাগালে কেমন হয়!'
তিনি আইপিএলেই তাঁর প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে গিয়েছিলেন তাঁকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তোলার জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ ছিলেন অস্ট্রেলীয় তারকা টম মুডি। সাকিব কোচ সালাউদ্দিনকে সানরাইজার্সের নেটে অনুমতি দেওয়ার জন্য মুডির প্রতি বিশেষ কৃতজ্ঞ, 'আমি অবশ্যই এখানে টম মুডিকে ধন্যবাদ জানাব। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি আমার কোচ সালাউদ্দিন স্যারকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আমি তাঁর অধীনে দুই সপ্তাহ নিবিড় অনুশীলন করি। খুব বেশি কিছু করিনি। আমি সব সময়ই সালাউদ্দিন স্যারের অধীনে অনুশীলন করতে নির্ভার বোধ করি। মানসিক শান্তি পাই। দুই একটা পরামর্শ বা একটা ছোট পরিবর্তনই অনেক কিছু বদলে দিতে পারে। আমি বিশ্বাস করি, ছোটবেলা থেকে যে কোচরা আমাদের শিখিয়েছেন, তাঁরা আমাদের অনেক দুর্বলতা সম্পর্কেই জানেন।'
বিশ্বকাপ সাকিবের একটা অবসেশনেই পরিণত হয়েছিল। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট জেতে বাংলাদেশ। সাকিবও সেই বিজয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কিন্তু তাঁর মন পুরোপুরি পড়ে ছিল বিশ্বকাপের দিকেই, 'বিশ্বাস করুন, উড়োজাহাজে ওঠার সময়ও আমি বিশ্বকাপ নিয়ে ভেবেছি। ত্রিদেশীয় টুর্নামেন্ট আমার মাথাতেই ছিল না। আমি বিশ্বকাপকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম। এতটা প্রস্তুতি আমি কোনো সময়ই কোনো কিছুকে সামনে রেখে নিইনি। আমি সব সময়ই চোখের সামনে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটাই দেখতে পাচ্ছিলাম।'