বিশ্বকাপ নিয়ে ভেবে চাপ বাড়াতে চান না মাশরাফি

বাংলাদেশ দল এখন থেকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এফটিপির সব ওয়ানডে হারলেও র্যাঙ্কিংয়ে আট এর নিচে যাবে না। সরাসরি খেলতে পারবে ২০১৯ বিশ্বকাপে। এমন ধারনাই দেওয়া হচ্ছে বিসিবি থেকে। বাংলাদেশ দলের ওপর থেকে বিশ্বকাপে খেলার চাপ কিছুটা হলেও কমিয়ে দিতে পারে এই খবর। তবে মাশরাফি বিন মুর্তজা ভাবছেন অন্য ভাবে। এখনই অত দূরের জিনিস নিয়ে ভাবলে দল উল্টো চাপে পড়ে যাবে বলেই শঙ্কা তাঁর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘ওটা (বিশ্বকাপে খেলা) অনেক দূরের ব্যাপার। আমরা অবশ্যই চাইব যেন আমাদের বাছাইপর্ব খেলতে না হয়। কিন্তু এখনই যদি অত দূরেরটা ভাবি, তাহলে সামনের সিরিজগুলো কঠিন হবে যাবে। প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। বেশি দূরেরটা নিয়ে ভাবলে চাপ বেড়ে যায়।’
মাশরাফির চিন্তা-চেতনায় এখন শুধুই ইংল্যান্ড সিরিজ। আজ পর্যন্ত আজকের প্রথম ম্যাচটাই, ‘কাল (আজ) একটা ম্যাচ আছে, সেটা যদি জিতে বের হতে পারি, তাহলে একটা কাজ শেষ হয়ে যায়। পরের কাজটাও সহজ হয়ে যায়।’ বেশি দূরের বিষয় নিয়ে তাই বাইরে থেকে বলা কথায় কান দিতে চান না অধিনায়ক, ‘বাইরে থেকে যে যাই বলুক, আমরা যেন আসল জায়গাটায় মনোযোগ ধরে রাখতে পারি। আমরা যেন অপ্রয়োজনীয় চাপ না নেই, সেদিকে খেয়াল রাখতে হবে।’