বিশ্বকাপ নয়, দ্বিপাক্ষিক সিরিজই বেশি চান শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা-পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সিরিজে বেশি নজর দেবে ভারত। ফাইল ছবি
করোনা-পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সিরিজে বেশি নজর দেবে ভারত। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ কি হবে এ বছর? আইপিএলের ভাগ্যেই বা কী লেখা আছে? কী হবে এ বছরের শেষের দিকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের?

কত কত প্রশ্ন ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। ক্রিকেটের ভবিতব্যে এমন আরও প্রশ্নবোধক এঁকে দিয়েছে করোনা-মহামারি। এর মধ্যে অন্যতম বড় প্রশ্ন—কেমন হবে করোনা পরবর্তী ক্রিকেটের রূপরেখা বা কাঠামো? বিভিন্ন দেশের বোর্ডগুলো ক্ষতিই বা পোষাবে কী করে?

সব প্রশ্নের উত্তর তো আর চটজলদি দেওয়া যাচ্ছে না! তবে ভারতের কোচ রবি শাস্ত্রী বোর্ডগুলোর ক্ষতি পুষিয়ে উঠতে একটি পরামর্শ দিয়ে রেখেছেন—বৈশ্বিক আয়োজনকে পাশে সরিয়ে আপাতত দ্বিপাক্ষিক সিরিজে মন দিতে হবে।

দ্বিপাক্ষিক সব ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ তো আছেই, করোনার কারণে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটও। এখন পর্যন্ত মাঠে গড়ায়নি বিশ্বের সবচেয়ে ‌‘লোভনীয়’ টুর্নামেন্ট ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএল। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যতও কেউ জানে না।

তবে বিভিন্ন দেশে চলছে ক্রিকেট ফেরানোর তোরজোর। অবস্থা যখন এ রকম, শাস্ত্রী এগিয়ে এসেছেন তাঁর পরামর্শ নিয়ে। ভারতের কোচের কথা, ‌‘এই মুহূর্তে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর ওপর খুব বেশি জোর দিতে চাই না আমি। ঘরে থাকুন, ঘরোয়া ক্রিকেটের ফেরা নিশ্চিত করুন। সব পর্যায়ের ক্রিকেটার—আন্তর্জাতিক, প্রথম শ্রেণিসহ সব ধরনের ক্রিকেটারদের মাঠে ফিরতে পারার বিষয়টি নিশ্চিত করুন।’

এখানেই থামেননি শাস্ত্রী। বিভিন্ন দেশের বোর্ডগুলোকে উদ্দেশ করে বলেছেন, ‌‘আমার দ্বিতীয় কথা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে ক্রিকেট শুরু করুন। আমাদের (ভারত) যদি বিশ্বকাপ বা দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে কোনো সফর বেছে নিতে বলা হয় তাহলে আমরা নিঃসন্দেহে দ্বিপাক্ষিক সিরিজই বেছে নেব।’

কেন দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে কথা বলছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন শাস্ত্রী। করোনার দাপট বিশ্বজুড়ে কিছুটা কমেছে বটে, কিন্তু সংক্রমণ তো আর বন্ধ হয়নি। দ্বিপাক্ষিক সিরিজে শুধু দুটি দল থাকবে বলে সংক্রমণের ঝুঁকিও থাকবে কম, ‌‘১৫টা দল আসার বদলে আমরা একটি দল আসাটাকেই স্বাগত জানাব। আর সিরিজটি আমরা এক বা দুটি মাঠে খেলার ব্যবস্থা করব।’