বিশ্বকাপ বর্জনের হুমকি স্যামিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝামেলা যেন লেগেই আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে। বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব আরও একবার নতুন সংকটের সামনে দাঁড় করিয়ে দিল ক্যারিবিয়ান ক্রিকেটকে। এবার ঝামেলা আর্থিক বিষয় নিয়ে। খেলোয়াড়দের দাবি—ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের যে টাকা দিতে চাইছে তা আগের টুর্নামেন্টের তুলনায় অনেক কম। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১৫ খেলোয়াড় বোর্ডের প্রস্তাবিত নতুন চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি সংকটের দ্রুত সমাধান না হলে তাঁরা আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের মতো সিদ্ধান্তেও যেতে পারেন বলে হুমকি দিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ পায় অংশগ্রহণকারী প্রতিটি দলই। এত দিন আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সেই অর্থ থেকে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা ২৫ শতাংশ পেতেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের যে আর্থিক প্রস্তাব দিয়েছে, তাতে খেলোয়াড়েরা কম পাবেন বলে দাবি করা হয়েছে।
দলের পক্ষ থেকে অধিনায়ক ড্যারেন স্যামি বোর্ডকে লেখা এক চিঠিতে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়িয়ে শিগগিরই সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমাদের যে ধরনের আর্থিক চুক্তি স্বাক্ষর করতে বলা হচ্ছে, সেটা আমরা মেনে নিতে পারছি না। সঠিক সংখ্যাটা না জানলেও ধারণা করছি, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য আইসিসির কাছ থেকে বোর্ড পাবে ৮০ লাখ ডলার। প্রথা অনুয়ায়ী এই অর্থের ২৫ শতাংশ দলের খেলোয়াড়দের দেওয়া হয়। সে ক্ষেত্রে প্রতি খেলোয়াড় পাবেন এক লাখ ৩৩ হাজার ডলার। কিন্তু বোর্ডের পক্ষ থেকে যে চুক্তি স্বাক্ষর করতে বলা হচ্ছে, তাতে পুরো দলই পাবে ৪ লাখ ১৪ হাজার ডলার।’
স্যামির দাবি, এবার যা পারিশ্রমিক দেওয়া হচ্ছে তা আগের আসরের চেয়ে ৮০ শতাংশ কম। তা ছাড়া এই দলের ১৪ সদস্যই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য নন। তাই কোনো সংস্থাকে তাদের হয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসার অধিকার দেওয়া হয়নি।
তবে স্যামির এই হিসাবকে পুরোপুরি ভুল বলেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মাইকেল মিউরহেড, ‘প্রথমেই বলতে চাই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী। চুক্তি স্বাক্ষর না করে কেউই ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে যেতে পারবে না। আর এই খেলোয়াড়েরা যদি চুক্তি স্বাক্ষর না করে, তাহলে অন্য খেলোয়াড়দের নিয়ে দল গঠন ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
চুক্তি স্বাক্ষরের জন্য স্যামিদের আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ডব্লুআইসিবি। দেখা যাক, সেই পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়! রয়টার্স।