বিশ্বকাপ ভাবছেন না নাসির!
ইনিংসের শেষ দিকে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটেছেন। ক্র্যাম্প করেছিল পায়ে। দলকে জিতিয়ে খুঁড়িয়েই হেঁটে গেলেন ড্রেসিংরুমে। কিন্তু ম্যাচসেরার পুরস্কার নিতে এলেন স্বাভাবিকভাবে হেঁটেই। চোটের অবস্থা জিজ্ঞেস করতেই নাসির হোসেনের মুখে হাসি, ‘আসলে আমি পানি কম খাই তো, এ জন্যই কাফ মাসলে টান লেগেছিল। ইনজুরি নয়, এখন সব ঠিক।’
বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে ছোটখাটো চোটও উদ্বেগের। তবে আগে তো জায়গা পেতে হবে চূড়ান্ত দলে! নাসির থাকবেন বাংলাদেশের ১৫ জনের দলে?
বিশ্বকাপ দলের ১২-১৩টি নাম আসলে বাংলাদেশের ক্রিকেট অনুসারী মাত্রই লিখে ফেলতে পারেন। প্রশ্ন-কৌতূহল-লড়াই কেবল বাকি ওই ২-৩টি জায়গা নিয়েই। লড়াইয়ে থাকাদের নিয়ে যে প্রশ্নগুলো আছে, নির্বাচকেরা সেগুলোর উত্তর খুঁজছেন প্রিমিয়ার লিগের সুপার লিগে। সময়ের বাস্তবতায় একসময় দলের অবিচ্ছেদ্য অংশ নাসির এখন এই লড়াইয়ে সামিল। তো ‘দ্য ফিনিশার’ কাল আবাহনী-মোহামেডান ম্যাচে যেভাবে ‘ফিনিশ’ করলেন, সেটি নিশ্চয়ই নির্বাচকদের মনে আর মাথায় জায়গা করে নেওয়ার পথে একটি পদক্ষেপ?
এই প্রশ্নেও অটুট নাসিরের মুখের হাসি, ‘বিশ্বকাপ মাথায় রেখে যদি খেলি, তাহলে তো পারফর্ম করা কঠিন হয়ে যাবে। আমি জানতাম ভালো খেলতে হবে, বিশ্বকাপ খেলতে হবে এসব ভাবিনি। যখন উইকেটে গিয়েছি, চেষ্টা করেছি দলের অবস্থা বুঝে ব্যাটিং করতে। পারফর্ম করলে জাতীয় দলে ফিরব, ওসব মাথায় ছিল না।’
উইকেটে গিয়ে অবশ্যই বিশ্বকাপ মাথায় রেখে ব্যাটিং করেননি। তবে এখন প্রতিটি ইনিংসই যে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া না-পাওয়ার সোপান, সেটা মানেন না বললে মিথ্যাই বলা হবে। নিজের মতো খেলতে পারায় নাসিরকেও যেমন স্বস্তি দিচ্ছে কালকের ইনিংসটি, ‘আন্তর্জাতিক ক্রিকেট আর প্রিমিয়ার লিগ এক নয়। ওখানে পারফর্ম করা এত সহজ নয়। তবে যেকোনো পর্যায়ের খেলাতেই রানটা গুরুত্বপূর্ণ। এই ইনিংসটি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অবশ্যই।’
লিগে ১১ ইনিংসে ৫০.১৪ গড়ে রান এখন ৩৫১, কাল প্রচণ্ড চাপে ম্যাচ জেতানো ইনিংস। দলে ফেরার দাবি তো জানাতেই পারেন! ব্যাটে দাবি তোলা নাসির সেটি তুলে আনলেন না কণ্ঠে, ‘আমার এমন কোনো দাবি নেই, এটা দেখার জন্য নির্বাচকেরা আছেন।’