বিশ্বকাপ শুরুর পর ‘ভুল’ শোধরাল আইসিসি
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচের হেরে যাওয়ার পর থেকেই আলোচনার শুরু। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে দ্বিতীয় হয়, সে ক্ষেত্রে বাংলাদেশ দল সুপার টুয়েলভের কোন গ্রুপে খেলবে?
আইসিসির পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দল যে অবস্থানে থেকেই প্রথম রাউন্ড শেষ করুক না কেন, সুপার টুয়েলভে তাদের অবস্থান হবে গ্রুপ ‘২’–এ।
কিন্তু কাল তাদের পূর্বঘোষিত সূচিকে ‘ভুল’ বলেছে আইসিসি। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে দলের অবস্থানের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে সুপার টুয়েলভের গ্রুপ।
যেমন স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ার কারণে বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা একটু কঠিনই মনে হচ্ছে। স্কটল্যান্ড দুটি ম্যাচ খেলে দুটিই জিতেছে। একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ আর ওমান।
বাংলাদেশ দল যদি শেষ পর্যন্ত গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার টুয়েলভে যায়, সে ক্ষেত্রে আইসিসির নতুন সূচি অনুযায়ী তাদের খেলতে হবে এক নম্বর গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
অনেক সমীকরণের মারপ্যাঁচ জয় করে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়নও হয়, সে ক্ষেত্রে দুই নম্বর গ্রুপে থাকা নিউজিল্যান্ড, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা পড়বে বাংলাদেশ দলের।
তবে প্রথম পর্বে গ্রুপ ‘বি’র হিসেব এখন অনেকটাই নির্ভর করছে রানরেটের ওপর। রানরেটে স্কটল্যান্ড (০.৫৭৫) আর ওমানের (০.৬১৩) চেয়ে এখনো পিছিয়ে বাংলাদেশ (০.৫০০)। পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামীকালের ম্যাচ দিয়ে রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশ দলের।
ওদিকে আগামীকাল রাতে ওমান ও স্কটল্যান্ডের ম্যাচটিও গ্রুপের ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ। দুই দলের মধ্যে জয়ী দল পাবে পরের রাউন্ডের টিকেট। পয়েন্টের হিসেবে স্কটিশরা এই মুহূর্ত এগিয়ে। কিন্তু ওমানের রানরেট আবার স্কটল্যান্ডের চেয়ে ভালো। তাই বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ের পরও স্কটল্যান্ডের গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কাটা থেকেই যাচ্ছে।