বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে চাননি শামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ফাইল ছবি
ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ফাইল ছবি
>২০১৫ বিশ্বকাপ জুড়ে চোটের সঙ্গে লড়াই করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। চোটের কারনে বিশ্বকাপ সেমিফাইনালও খেলতে চাননি তিনি।

সিডনিতে সেদিন মোহাম্মদ শামি ছিলেন অচেনা। ২০১৫ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই শামি ছিলেন ব্যাটসম্যানদের ভয়ের নাম। মাত্র ৬ ম্যাচে ১৭ উইকেট তাক লাগিয়ে দিয়েছিলেন এই ভারতীয় ফাস্ট বোলার। নতুন ও পুরোনো বলে দুর্দান্ত ফর্মে ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে। কিন্তু পুরো বিশ্বকাপ শামি খেলেছেন হাঁটুর চোট নিয়ে। তবু পারফরম্যান্সে ভাটা পড়েনি একটুও।

কিন্তু সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে এসে ঠিকই চোটের কাছে পরাজিত হতে হয়। ১০ ওভারে ৬৮ রান দিয়ে কোনো উইকেট পাননি শামি। অস্ট্রেলিয়া স্টিভ স্মিথের সেঞ্চুরিতে করে ৩২৮ রান। ভারত পরে ব্যাট করে অলআউট হয় ২৩৩ রানে। সেই সেমিফাইনাল হারের দুঃখ এখনো পড়ায় শামিকে।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে তিনি বলেছেন, ‘পুরো বিশ্বকাপ জুড়েই আমার হাঁটুর চোট ছিল। ম্যাচের পর আমি হাটতে পারতাম না। প্রথম ম্যাচেই হাঁটু ভাঙে আমার। হাঁটু ফুলে প্রায় ঊরুর মতো মোটা হয়ে যায়। হাঁটু থেকে পানি বের করতে হতো প্রতিদিন। তিনটি করে ব্যথানাশক ওষুধ খেতে হতো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগেও ব্যথার সঙ্গে লড়ছিলেন শামি, গুরুত্বপূর্ণ সেমিফাইনালে খেলতেই চাননি তিনি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপ্রেরণায় ম্যাচ খেলার উৎসাহে পান শামি, ‘সেমিফাইনালের আগে আমি সবাইকে বলেছিলাম, আমি আর নিতে পারছি না। অনেক ব্যথা ছিল সেদিন। তবে ম্যানেজমেন্ট বলেছে ঠিক হয়ে যাবে। ওরা বলেছে, ম্যাচটা সেমিফাইনাল, নতুন কাউকে নেওয়া যাবে না। মাহি ভাই আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’

ব্যথানাশক ইনজেকশনে নিয়ে খেললেও ম্যাচের শুরুটাও ভালো হয়েছিল শামির। ৫ ওভারের প্রথম স্পেলে মাত্র ১৩ রান দিয়েছিলেন। বেশ কয়েকবার অস্ট্রেলীয় ওপেনারদের ভোগান।কিন্তু উইকেটের দেখা পাননি। পরে আবার বোলিং করতে এসে খরুচে বোলিং করেন তিনি। অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়ে, ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। আক্ষেপ নিয়েই শেষ হয় শামির বিশ্বকাপ মিশন।

শামির আক্ষেপ থাকার কথা ২০১৯ বিশ্বকাপ নিয়েও। দারুণ ফর্মে থাকার পরও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের একাদশে ছিলেন না তিনি। ওইবার ফর্মের সঙ্গে ফিটনেসেরও তুঙ্গে ছিলেন শামি।