বিশ্বকাপই ওয়ানডে শ্রেষ্ঠত্বের মাপকাঠি: ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্ক

ক্রিকেটের তিন ফরম্যাটেই আলাদা র‌্যাঙ্কিং ব্যবস্থা আছে আইসিসির। সেই র‌্যাঙ্কিংয়ে সাফল্যের ভিত্তিতে ওঠা-নামাও চলে সারা বছর ধরেই। টেস্ট ক্রিকেটে কোনো নির্দিষ্ট সময়জুড়ে ‘বিশ্বকাপ’ অনুষ্ঠিত হয় না। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্বকাপ থাকায় এই দুই ফরম্যাটে বিশ্বসেরা তৈরির মঞ্চটা নির্দিষ্টই। র‌্যাঙ্কিংয়ে যা-ই হোক, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াটাই যে বিশ্বসেরা দল হয়ে ওঠার মূল মাপকাঠি, সেটা মনে-প্রাণেই বিশ্বাস করেন মাইকেল ক্লার্ক।
অস্ট্রেলীয় ক্রিকেট দলের অধিনায়কের মতে, ‘আগামী বিশ্বকাপই ঠিক করে দেবে ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা দল কারা। আমি র‌্যাঙ্কিংয়ের চেয়েও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াকে বিশ্বের সেরা দল হওয়ার মাপকাঠি হিসেবে মনে করি।’
ক্লার্ক বলতে চেয়েছেন, আইসিসির র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল হয়েও যদি কেউ বিশ্বকাপ জিততে না পারে, তাহলে তার শ্রেষ্ঠত্ব প্রশ্নের মুখে পড়তেই পারে। কিন্তু শীর্ষ দল হয়েও বিশ্বকাপ জিতে গেলে কোনো দলকে যদি র‌্যাঙ্কিংয়ের অজুহাতে ‘বিশ্বসেরা’ হিসেবে স্বীকার না করা হয়, সেটা হবে বড় এক অন্যায়ই।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭) আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ওয়ানডের একাদশ বিশ্বকাপ ক্রিকেটের। ১৯৯২ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজনে অস্ট্রেলিয়া মুখিয়ে আছে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে। ২০১১ সালে উপমহাদেশে আয়োজিত বিশ্বকাপে এই শ্রেষ্ঠত্ব অস্ট্রেলিয়ার কাছ থেকে ছিনিয়ে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। সূত্র: ক্রিকেট কান্ট্রি ডটকম।