বিশ্বকাপই শেষ আফ্রিদির
ক্যারিয়ারে কতবার অবসর নিলেন আর ফিরলেন, সঠিক হিসাব হয়তো তাঁর নিজেরই জানা নেই। তবে এবার মনে হয় সিদ্ধান্ত চূড়ান্তই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শহীদ আফ্রিদি। তবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাবেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। বিশ্বকাপ চলার সময়ই ৩৫ পূর্ণ হবে তাঁর।
১৯৯৬ সালে কেনিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আফ্রিদির। চোট পাওয়া মুশতাক আহমেদের বদলে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অনূর্ধ্ব-১৯ দল থেকে উড়িয়ে আনা হয়েছিল আফ্রিদিকে। ১৬ বছর বয়সী লেগ স্পিনার ক্রিকেট-বিশ্বকে চমকে দেন দ্বিতীয় ওয়ানডেতেই। নেটে আফ্রিদির ব্যাটিং দেখে অধিনায়ক সাঈদ আনোয়ার শ্রীলঙ্কার বিপক্ষে তাঁকে নামিয়ে দিয়েছিলেন ওয়ানডাউনে। ৩৭ বলে সেঞ্চুরির অবিশ্বাস্য কীর্তিতে নিজের আগমনী জানান দেন। তার পর থেকে আফ্রিদি মানেই রোমাঞ্চকর এক গল্প। ক্রিকেট বোদ্ধা, বিশ্লেষক, আলোচক, লিখিয়েদের জন্য আকর্ষণীয় এক উপাদান!
পাকিস্তানের হয়ে রেকর্ড ৩৮৪টি ওয়ানডে খেলেছেন আফ্রিদি, বিশ্ব একাদশ ও এশিয়া একাদশ মিলিয়ে আরও ৫টি। তাঁর চেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মাত্র ৪ জন। ৩৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানকে, খেলেছেন আরও ১৪ জন অধিনায়কের নেতৃত্বে। আফ্রিদির ৩৯১ উইকেটের চেয়ে বেশি আছে মাত্র ৫ জনের। পাশাপাশি ১১৬.২৯ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৮৭০। ওয়ানডেতে হাজার রান করাদের মধ্যে তাঁর স্ট্রাইক রেটই সেরা, ছক্কার ট্রিপল সেঞ্চুরিও করেছেন একমাত্র তিনিই (৩৪২)। আছে ছোট-বড় আরও অনেক কীর্তি। তবু আফ্রিদি মানে যতটা না করেছেন, ‘তার চেয়েও বেশি কী করতে পারতেন!’
তবে আফ্রিদি ক্যারিয়ার নিয়ে তৃপ্তই। পাকিস্তান ক্রিকেটে নিজের ইচ্ছায় অবসর নিতে পেরেছেন যে খুব কম জনই! শুধু একটা আক্ষেপের কথা বললেন, ‘১৮টি বছর আমি পাকিস্তান ক্রিকেটকে উৎসর্গ করেছি। দারুণ এই ভ্রমণে অনেক ওঠানামা ছিল। তবে নিজের ইচ্ছায় যেতে পারছি বলে তৃপ্তি পাচ্ছি। আমার সিদ্ধান্ত অনেক তরুণের সামনে দুয়ার খুলে দেবে। সবার সমর্থন ও দোয়ার জন্য ধন্যবাদ। নিজের অর্জন ও রেকর্ড নিয়ে আমি খুশি। একটাই শুধু আক্ষেপ, দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি হাতছাড়া হয়ে গেছে!’
এ বছরের প্রথম দিনে ৩৬ বলে সেঞ্চুরি করে আফ্রিদির দেড় যুগ পুরোনো রেকর্ড ভেঙেছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। তবে আরেকটা আক্ষেপও না থেকে পারেই না আফ্রিদির। পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবার, সৌভাগ্য হবে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার? এএফপি, ক্রিকইনফো।