বিশ্বকাপই শেষ বিজয় শঙ্করের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু মূল একাদশ নয়, চোটের কারণেই বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন শংকর। ছবি : এএফপি
শুধু মূল একাদশ নয়, চোটের কারণেই বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন শংকর। ছবি : এএফপি
মাত্র তিন ম্যাচ খেলেই বিশ্বকাপ শেষ হয়ে গেল বিজয় শংকরের। পায়ের আঙুলের চোটে পড়ে বিশ্বকাপ ২০১৯ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় দলে ডাকা হয়েছে ব্যাটসম্যান ময়ঙ্ক আগরওয়ালকে।

তাঁকে মনে করা হচ্ছিল ভারতের চার নম্বরে ব্যাটিং স্পটের সমাধান। তিন ম্যাচ সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে তাঁকে ছাড়াই নেমেছিল ভারত। মূল একাদশে ঢোকার জন্য লড়াই করবেন কি, উল্টো চোটে পড়ে বিশ্বকাপটাই শেষ হয়ে গেল বিজয় শংকরের। তাঁর জায়গায় ভারত থেকে উড়িয়ে আনা হয়েছে কর্নাটকের ব্যাটসম্যান ময়ঙ্ক আগরওয়ালকে। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন তিনি।

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নেটে অনুশীলন করার সময়ে জসপ্রীত বুমরার এক ইয়র্কারে পায়ের আঙুলে চোট লাগে তাঁর। পায়ের ওই আঙুলে আফগানিস্তানের বিপক্ষেই চোট লেগেছিল শংকরের। বুমরার ইয়র্কারে সেই পুরোনো চোট আরও বেড়ে যায়। ফলে নিশ্চিত হয়ে যায়, বিশ্বকাপে চোট নিয়ে আর খেলতে পারবেন না শংকর। এর মধ্যে আইসিসির কাছে আবেদন করা হয়েছে শংকরের জায়গায় আগরওয়ালকে নেওয়ার জন্য। আইসিসি বিসিসিআইয়ের অনুরোধ রক্ষা করেছে। এর মধ্যেই ভারতের ফ্লাইট ধরেছেন শংকর, আর লন্ডনে আসছেন আগরওয়াল।

২৮ বছর বয়সী ময়ঙ্ক আগরওয়াল গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন। ওয়ানডেতে এখনো ভারতের হয়ে খেলা হয়নি তাঁর।