বিশ্বকাপ–ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির কমিটি গঠন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। দুই সদস্যের পারফরম্যান্স পর্যালোচনা কমিটিতে আছেন বিসিবির দুই পরিচালক এনায়েত হোসেন ও জালাল ইউনুস।
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন কমিটির সদস্যরা। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্য, নির্বাচক ও ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গে কথা বলে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা হবে। আজ বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর মধ্যেই বাংলাদেশ দলের আশপাশে বদলের হাওয়া বইছে। বিশ্বকাপ–ব্যর্থতার পর বেশ কয়েকটি বৈঠক শেষে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদকে নিয়োগ দিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান। আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারটিও।
টি-টোয়েন্টি দলে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সেই আভাস দিয়েছেন মাহমুদ। সেটা পাকিস্তানের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ থেকেই হতে পারে। তবে দলের মূল ক্রিকেটারদের জায়গা নিয়ে এখনই পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে না। তবে আগামী জানুয়ারি থেকে টি-টোয়েন্টি দলে পরিবর্তন আসতে পারে।
মাহমুদ এ ব্যাপারে বলেছেন, ‘তাড়াহুড়া করলে কিছু হবে না। একটু ধৈর্য ধরতে হবে। যারা এখানে অনুশীলন করছে, আমি মনে করি, তাদের সবারই সামর্থ্য আছে, বাইরে আরও কয়েকজন আছে। সেটি নিয়ে আস্তে আস্তে হয়তো এগোব। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসতে পারে। এ সিরিজটা (পাকিস্তান) যেহেতু খুব কাছে, তাই বড় কোনো পরিবর্তন হবে না, তবে পরিবর্তন হবে।’