বিশ্বকাপস্বপ্নটা প্রায় ফেলেই দিল আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নবীর ইনিংসটা কোনো কাজে আসেনি। ছবি: আইসিসি
মোহাম্মদ নবীর ইনিংসটা কোনো কাজে আসেনি। ছবি: আইসিসি
>
  • টান তিন ম্যাচে হারল আফগানিস্তান।
  • সুপার সিক্সে যেতে হলে এখন হংকংয়ের হারের অপেক্ষায় থাকতে হবে তাদের।

গত তিনটি বছর ক্রিকেটের নব্য শক্তি হিসেবে হাজির হয়েছিল আফগানিস্তান। জিম্বাবুয়েকে তো বলে কয়ে হারানো শুরু করেছিল দলটি। ২০১৯ বিশ্বকাপের দৌড়ে তাই জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে রাখা হচ্ছিল এশিয়ার দলটিকে। কিন্তু বিশ্বকাপের বাছাইপর্বে এসে পথ হারিয়েছে দলটি। টানা তিন ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার পথে আফগানিস্তান। হংকংয়ের কাছে ৩০ রানে হেরে গেছেন রশিদরা।

প্রথমে ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে চমকে দিয়েছিল আফগানরা। পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২ রানের আক্ষেপ! কিন্তু আজ তো এর চেয়ে বড় দুঃখ পেতে হলো তাদের। অথচ ম্যাচের শুরুটা কত দুর্দান্তই না হয়েছিল!

৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল হংকং। কিন্তু অনশুমান রাথের ৬৫ রানের ইনিংস পথ হারাতে দেয়নি দলকে। টেল এন্ডারদের ছোট ছোট কিন্তু মহা গুরুত্বপূর্ণ সব ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রানের স্কোর গড়ে দলটি। ৯ নম্বরে নামা তানবীর আফজাল করেছেন ৯ বলে ২২ রান।

তাড়া করতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারানো আফগানিস্তান থিতু হতে পারেনি কখনো। ৭৩ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলটি মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরানের ৫৯ রানের জুটিতে একটু স্বস্তি পেয়েছিল। কিন্তু ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একেবারেই ছিটকে পড়ে আফগানিস্তান। ৪৩ ওভারে বৃষ্টি নামলে ৪৬ ওভারে ২২৬ রানের নতুন লক্ষ্য পায় আফগানিস্তান। দাওলত জাদরান ৩০ বলে ৪০ রান করে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু অপর প্রান্তে উইকেট খোয়ানো আটকাতে পারেননি। ৯ উইকেটে ১৯৫ রানে থেমেছে আফগানিস্তান।

এই হারে বিশ্বকাপ স্বপ্নটা প্রায় শেষ হওয়ার পথে আফগানদের। নিজেদের শেষ ম্যাচে নেপালকে শুধু হারালেই চলবে না, আশা করতে হবে নেপালও হংকংকে হারিয়ে দেবে। তখনই কেবল রানরেটের হিসাব নিকাশে সুপার সিক্সে যাওয়ার সুযোগ থাকবে আফগানদের।

সংক্ষিপ্ত স্কোর:

হংকং: ২৪১/৮, ৫০ ওভার (রাথ ৬৫, হায়াত ৩১, নিজাকাত ২৮, মুজিব ৩/২৬, নবী ৩/৪৮)
আফগানিস্তান: ১৯৫/৯, ৪৬ ওভার (লক্ষ্য ৪৬ ওভারে ২২৬) (নবী ৩৮, দাওলাত জাদরান ৪০*, এহসান ৪/৩৩, নাদিম ২/৩৮)
ফল: হংকং ৩০ রানে জয়ী (ডি-এল পদ্ধতি)