গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, সেটি ঠিক হয়ে গিয়েছিল আগেই। আজ নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও। র্যাঙ্কিংয়ে একটা নির্দিষ্ট সময়ে অষ্টম স্থানের বাইরে থাকায় বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ শক্তিমত্তার বড় জায়গা হিসেবে দেখছেন অলরাউন্ডারদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই আসরেই প্রথম পর্ব খেলতে হয়েছে বাংলাদেশকে। দুবারই দ্বিতীয় পর্বে গেলেও বাংলাদেশ হেরেছিল পরের পর্বে সব কটি ম্যাচ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে প্রথমবারের মতো। এরপর আসবে নিউজিল্যান্ড।
মাহমুদউল্লাহ আইসিসিকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, বিশ্বকাপের মতো আসরে সেরা ক্রিকেট খেলতে হবে শুরু থেকেই, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে বা যেকোনো টুর্নামেন্টেই সব ম্যাচই সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনাকে প্রতি ম্যাচেই প্রথম বল থেকেই সেরা ক্রিকেটটা খেলতে হবে। আপনার ফোকাস জোরালো থাকতে হবে, যাতে প্রতি ম্যাচই জিততে পারেন।’
নিজেদের শক্তিমত্তার সবচেয়ে বড় জায়গা হিসেবে অলরাউন্ডারদেরই দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের শক্তিমত্তার জায়গা আমাদের অলরাউন্ডাররা। আমাদের বোলিং বিভাগ। আমাদের ব্যাটিংও ভালো। সব মিলিয়ে আমাদের দলটা ভারসাম্যপূর্ণ—বোলিং ও ব্যাটিংয়ের দিক দিয়ে। আমাদের বোলাররা, বিশেষ করে ফাস্ট বোলাররা অসাধারণ করছে। আর স্পিনাররা তো আছেই আমাদের। তারা এগিয়ে আসতে পারলে আমাদের ফলটা ভালো হবে আশা করি।’
স্বাভাবিকভাবেই দলের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে সাকিব আল হাসানের নামই বলেছেন মাহমুদউল্লাহ, ‘যদি কয়েকটা নাম বলতে বলেন, আমি সাকিবের কথা বলব। সে এক নম্বর অলরাউন্ডার। সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। একই সঙ্গে মুশফিক, মোস্তাফিজ আছে। তারাও অনেক গুরুত্বপূর্ণ।’
তবে তরুণদের দিকেও চোখ রাখতে বলেছেন তিনি, ‘আমাদের কিছু দারুণ তরুণ ক্রিকেটার আছে—আফিফ, নুরুল, শামীম। তারাও নিজেদের জন্য, দলের জন্য ভালো করতে আগ্রহী। আমার মনে হয় এ তরুণদের দিকে নজর রাখতে হবে।’
প্রথম পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, ১৭ অক্টোবর। এরপরের ম্যাচ দুটি ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। প্রথম পর্বে বাংলাদেশের সব ম্যাচই হবে ওমানে। প্রথম পর্ব থেকে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল যাবে পরের রাউন্ডে।