বিশ্বকাপে আজমল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে খেলতে পারেন সাঈদ আজমল! এমনই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। নিতম্বের হাড়ে চিড় ধরায় বিশ্বকাপ শেষ মোহাম্মদ ইরফানের। আইসিসির ক্রিকেট কমিটি অনুমোদন দিলে তাঁর জায়গায় খেলতে পারেন আজমল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ মার্চের কোয়ার্টার ফাইনালে নয়, ওটা জিতলে তাঁকে সেমিফাইনালে খেলানোর পরিকল্পনা আছে শাহরিয়ার খানের, ‘কোয়ার্টার ফাইনালের জন্য ইরফানের কোনো বদলি আমরা পাঠাচ্ছি না। কারণ বদলি হিসেবে অ্যাডিলেডে গিয়ে ম্যাচ খেলার পর্যাপ্ত সময় নেই। কিন্তু পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে আমরা একজন বদলি ক্রিকেটার পাঠাব এবং সেই ক্রিকেটারটি হতে পারে আজমল।’ বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় গত বছর সেপ্টেম্বরে নিষিদ্ধ হন আজমল। পরে অ্যাকশন শুধরে আইসিসির পরীক্ষায় যখন উতরে যান, তার আগেই তাঁকে বাইরে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করে পাকিস্তান। এএফপি।