বিশ্বকাপে এক ইংলিশের সমর্থন পাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপ ক্রিকেটে স্বাভাবিকভাবে নিজের দেশের প্রতিই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের সমর্থন। ইংল্যান্ডকে অন্যতম ফেবারিট মনে করেন ডে। আর ইংল্যান্ডের পর বাংলাদেশকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন এই ইংলিশ

বিশ্বকাপ ক্রিকেটের জন্য আর দুই দিনের অপেক্ষা। ৩০ মে ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর। নিজ দেশে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ফুটবল দল নিয়ে গুরুত্বপূর্ণ মিশনে আছেন ইংলিশ কোচ জেমি ডে। লাওসের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের মিশনে বাংলাদেশ দল নিয়ে বর্তমানে থাইল্যান্ডে আছেন কোচ।
চলছে লাওস বাধা পার হওয়ার জন্য প্রস্তুতি। তবে ফুটবলের ফাঁকে ক্রিকেট নিয়ে দু-একটা কথা বলতে তো আর আপত্তি নেই জেমির। ক্রিকেট নিয়ে খুব বেশি আগ্রহ নেই বাংলাদেশ কোচের। তবে নিজ দেশের খোঁজ খবর কম বেশি জানা আছে তাঁর। সে সুবাদেই বিশ্বকাপে নিজের দেশকে অন্যতম ফেবারিট মানছেন জেমি, ‘ বিশ্বকাপে আমার নিজের দেশকেই এগিয়ে রাখব। কোনো সন্দেহ নেই এবারের বিশ্বকাপে ইংল্যান্ড অন্যতম ফেবারিট। কয়েক বছর ধরেই ভালো খেলছে দল। এ ছাড়া এবার নিজেদের মাঠে খেলা। স্বাভাবিকভাবে সব মিলিয়ে ক্রিকেট বিশ্বকাপে আমরাই ফেবারিট। ’
গত বছর মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করেছেন জেমি। সফলভাবে এক বছরের মেয়াদ পূরণ করাই জেমির সঙ্গে আবারও এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ এখন তাঁর কাছে সেকেন্ড হোম। তাই মাতৃভূমি ইংল্যান্ডের পর বাংলাদেশের সঙ্গেই থাকছে তাঁর সমর্থন, ‘ ইংল্যান্ডের পরে আমি বাংলাদেশের সমর্থক। যেহেতু বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ, তাই এবার বিশ্বকাপে মন প্রাণ দিয়ে দলটিকে সমর্থন করব। বিশ্বকাপে দলটি কত দূর যাবে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আমি বাংলাদেশকে সমর্থন দেব। ’
বাংলাদেশ দলে জেমির একজন পছন্দের খেলোয়াড়ও আছেন, তামিম ইকবাল, ‘বাংলাদেশের তামিম ইকবালকে আমার ভালো লাগে। সে ২০১১ সালে নটিংহামশায়ারের হয়ে ইংলিশ কাউন্টি খেলেছিল। সেখান থেকেই আমি তাঁকে চিনি। সে খুবই ভালো ব্যাটসম্যান। আমার স্পষ্ট মনে আছে নটিংহামশায়ারের হয়ে খেলেছিল। এ ছাড়া বাংলাদেশের অন্য কোনো খেলোয়াড়ের নাম আমার জানা নেই। ’
তবে তামিম বা ইংল্যান্ডের কোনো ক্রিকেটার নয়। ক্রিকেটে জেমির প্রিয় খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ক্যারিবীয় গেইলকে পছন্দের কারণ কী? জেমির জবাবটা নিজের মুখ থেকেই শুনুন, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল আমার প্রিয় খেলোয়াড়। সে অনেক জোড়ে পেটাতে পারেন। বাংলাদেশের বিপিএলে গেইল যখন খেলেছিলেন, আমি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গিয়ে তাঁর খেলা দেখেছি। গেইল আউট হওয়ার পরেই মাঠ থেকে বের হয়ে আসি। বুঝতেই পারছেন আমি গেইলের কত বড় সমর্থক।’