বিশ্বকাপে কত দূরে যাবে বাংলাদেশ
>
- বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। এ নিয়ে এখনই কিছু বলতে না চাইলেও তামিমের ভাবনায় কিন্তু বিশ্বকাপ ঢুকে গেছে।
সূর্যটা ঠিক মাথার ওপরে। বিসিবি একাডেমি মাঠে ফিজিও ইফতেখায়রুল ইসলামকে নিয়ে দৌড় শুরু করলেন তামিম ইকবাল। পাঁচ-ছয়টা চক্কর মেরে ঘেমেনেয়ে যখন একাকার, সাংবাদিকদের একজন বাঁহাতি ওপেনারের সঙ্গে দৌড়ের বাজি ধরতে চাইলেন! মজা করে বাজি ধরতে পারদর্শী তামিম হাঁপাতে হাঁপাতে বললেন, ‘এই মুহূর্তে আর পারব না!’ হাঁটুর ব্যথা অনেকটাই কমেছে, আজ শুরু করলেন রানিং। তামিম তৈরি হচ্ছেন, তাঁকে যে দৌড়াতে হবে লম্বা রেসে।
দুদিন আগে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের ক্ষণগণনা এক প্রকার শুরুই হয়ে গেল তবে। এবার বিশ্বকাপের ফরম্যাট বা ধরনটা একটু ভিন্ন। প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। গ্রুপিং বাদ দিয়ে ১৯৯২ বিশ্বকাপের ফরম্যাটে ফিরে এসেছে আইসিসি। প্রতিটি দলের বিপক্ষে খেলাটা রোমাঞ্চিতই করছে তামিমকে। রানিং শেষে সংবাদমাধ্যমের সামনে আসা বাঁহাতি ওপেনার বললেন, ‘ব্যক্তিগতভাবে খুবই রোমাঞ্চিত। একটা টুর্নামেন্টে সবার সঙ্গে খেলা হবে। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে খেলা হবে, একটা সহযোগী দেশ আছে। এটা এমন ফরম্যাট, যদি কোনো দল শিরোপা জিততে চায় পুরো টুর্নামেন্ট জুড়ে ওই দলকে ভালো খেলতে হবে। প্রতিটি দলকে কঠোর পরিশ্রম করতে হবে। লম্বা সময় ধরে অনেক ম্যাচ জিততে হবে নকআউট পর্বে যেতে। ফরম্যাটটা চ্যালেঞ্জিং হবে। আমি খেলতে উন্মুখ। গ্রুপ পদ্ধতি থাকলে বোঝা যায় কটা ম্যাচ আমাদের জিততে হবে পরের ধাপে যেতে। এখানে হয়তো ৫-৬টা ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে হবে। এটা অবশ্যই চ্যালেঞ্জিং।’
কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন তিনি দেখছেন না। কেন বাংলাদেশকে পিছিয়ে রাখছেন, সেটির যুক্তি হিসেবে উপমহাদেশের বাইরের কন্ডিশনে খুব বেশি সাফল্য না থাকাটা বড় করে দেখেছেন নাজমুল। তবে তামিম এখনই বিশ্বকাপ নিয়ে বলতে চাইছেন না। এখনো এক বছর পরে বললেও, তামিমের ভাবনায় একেবারেই যে বিশ্বকাপ নেই তা নয়। বাংলাদেশ পারবে নকআউট পর্বে যেতে? কী স্বপ্ন দেখছে বাংলাদেশ? ‘বিশ্বকাপে যারা যায় ভালো করতেই যায়। সব সময়ই বলছি এক বছরের পরের চিন্তা না করাই ভালো। তার আগে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আছে। এগুলোয় মনোযোগী থাকা ভালো। হ্যাঁ, বিশ্বকাপে যাব ভালো করব, এটা সবাই চাই। এখনই বিশ্বকাপ নিয়ে কথা বলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমাদের সামনে যে সিরিজ আসছে, ওয়েস্ট ইন্ডিজ সফর, এশিয়া কাপ, অনেক টুর্নামেন্ট সামনে। তবে চূড়ান্ত লক্ষ্য বিশ্বকাপ, সবাই এখানে ভালো খেলতে চায়। বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স নির্ভর করবে, এই সিরিজগুলো আমরা কেমন খেলছি’—তামিমের চোখ আপাতত নিকট ভবিষ্যতেই।
বিশ্বকাপের পরিকল্পনা করেন সাধারণত প্রধান কোচ। অনেক দিন হলো সেই কোচই নেই বাংলাদেশ দলে। কোচ নিয়োগে বিসিবি যে ধীর চলো নীতিতে চলছে, তামিম একে ইতিবাচকভাবেই দেখছেন, ‘তারা তাড়াহুড়ো করছে না, এটা ভালো লাগছে। চাইলে হুট করে একজন নিয়েও আসতে পারত। তাড়াহুড়ো না করে যাকেই নিয়ে আসুক সময় নিয়ে করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যথার্থ কোচকে খুঁজতে সময় নিচ্ছে, এটা ভালো দিক। আর খেলোয়াড়দের কথা যদি বলেন, এই খেলোয়াড়েরাই হয়তো খেলবে। একটু উনিশ-বিশ হতে পারে। খেলোয়াড়েরা সবাই মানসিকভাবে প্রস্তুত, তারা জানে যে ভিন্ন কন্ডিশনে বিশ্বকাপ খেলতে হবে। এখন যে কোচিং স্টাফ আছে তারা সেভাবেই এগোচ্ছে। বিদেশের মাটিতে কীভাবে আরও ভালো খেলতে পারি, সেভাবেই আমরা এগোচ্ছি।’