বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কিত কোজিয়ার
ওয়েস্ট ইন্ডিজ দল সফরের মাঝপথে ভারত থেকে ফিরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকায় আগামী সফরও এখন অনিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কণ্ঠস্বর হিসেবে পরিচিত টনি কোজিয়ার আশঙ্কা করছেন, দ্রুত এ সমস্যার সমাধান না হলে অনিশ্চিত হয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজের আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলাও। ভারত সফরের পরপরই ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল, ডিসেম্বরে তিন টেস্ট খেলার পর জানুয়ারিতে ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে সেখান থেকেই বিশ্বকাপে যাওয়ার কথা ছিল।
কিন্তু আদৌ এমনটি হবে কি না, এ নিয়ে এখন যথেষ্ট সন্দিহান কোজিয়ার। পরশু বারবাডোজ থেকে টেলিফোনে এক সাক্ষাৎকারে ক্রিকইনফোকে বলেছেন, ‘এ বিরোধ চলতে থাকলে আমি সেটার কোনো সম্ভাবনা দেখি না।’
অন্তর্দ্বন্দ্বের কারণে এভাবে মাঝপথে সিরিজ বয়কট করে চলে যাওয়াটাকে ওয়েস্ট ইন্ডিয়ান বোর্ড এবং খেলোয়াড়—দুই পক্ষের জন্যই ‘হার’ বলে মনে করেন কোজিয়ার। এ সমস্যার সমাধানের জন্য আরও আগেই দুই পক্ষের উদ্যোগী হওয়া উচিত ছিল বলেও মনে করেন প্রায় পাঁচ দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যে জড়িত এই ওয়েস্ট ইন্ডিয়ান। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ সফরে আসার আগেই খেলোয়াড়দের উচিত ছিল পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দেওয়া। সফরে এসে খেলোয়াড়দের সংগঠনের নেতা ওয়াভেল হাইন্ডসের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেওয়া ঠিক হয়নি। কোজিয়ার মনে করিয়ে দিয়েছেন বোর্ডের দায়টাও, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উচিত ছিল বলা—চলো, আমরা এই সিরিজটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এরপর তোমাদের দাবি-দাওয়া শুনব, যদি আলোচনার দরকার হয় সেটাও করব।’ ক্রিকইনফো।