বিশ্বকাপে চোখ রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান

চলতি বছর ১৪ মে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। হাতে আছে মাত্র প্রায় দুই মাস সময়। স্বাভাবিকভাবে সবাই এখন থেকেই ভাবতে শুরু করেছে বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজে অধিনায়ক সরফরাজ আহমেদসহ নিয়মিত ৬ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ২২ মার্চ থেকে শুরু সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শোয়েব মালিক।
সরফরাজকে বিশ্রাম দেওয়ায় প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের পরিষ্কার ব্যাখ্যা, ‘দল যেহেতু টানা ক্রিকেট খেলছে, অধিনায়ক সরফরাজসহ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছি। বিশ্বকাপে সবাইকে সতেজ পাওয়াই এর লক্ষ্য।’
সরফরাজ ছাড়াও বিশ্রাম পেয়েছেন ফকর জামান, বাবর আজম, শাদাব খান ও হাসান আলী। আর দলে রাখা হয়নি মোহাম্মদ হাফিজকে। দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার, ৩১ বছর বয়সী ব্যাটসম্যান আবিদ আলী ও ১৮ বছর বয়সী ফাস্ট বোলার মোহাম্মদ হাসনাইন। দুই বছর পর আবার দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান উমর আকমল। টেস্ট বিশেষজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহ ও পেসার মোহাম্মদ আব্বাসকেও দলে নিয়েছেন নির্বাচকেরা।