বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কেপি!

কেভিন পিটারসেনের জন্ম দক্ষিণ আফ্রিকায়, খেলেছেন ইংল্যান্ডের হয়ে। খেলেছেন শব্দটিতে সাবেক গন্ধ মিশে আছে। পিটারসেন অবসর নেননি, তবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারটা থমকে গেছে বছর তিনেক আগে। এটা আবার ‘নতুন জীবন’ পেতে পারে। জন্মভূমির হয়ে আবার ক্রিকেটে ফিরতে পারেন তিনি। আর কেপি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ‘দ্বিতীয় অধ্যায়ে’ আগামী বিশ্বকাপও খেলতে পারেন বলে আশা করছেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় যদি আরেকটি দেশের হয়ে খেলতে চান, তাঁকে মাঝে চার বছরের বিরতি নিতে হবে। ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজের পর আর ইংল্যান্ড দলে সুযোগ পাননি কেপি। ১০৪ টেস্টের ক্যারিয়ারে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক তাঁর সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১৪ সালের জানুয়ারিতে। যার মানে আগামী বছরের জানুয়ারির পরই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার যোগ্য বিবেচিত হবেন কেপি।
সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ৩৭ বছর বয়সী পিটারসেন, ‘দুই বছর পরের কথা বলছেন। আমি কি তখন খেলতে পারব? কে জানে, অপেক্ষা করতে হবে আর দেখতে হবে সেই সময়ে আমি কী অবস্থায় থাকি। আগামী দুই বছরে দক্ষিণ আফ্রিকায় অনেক খেলব। দেখি কী হয়।’ বসবাসের জন্য পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ব্যবস্থা করছেন কেপি। ক্রুগার ন্যাশনাল পার্কের পাশে বিলাসবহুল বাড়ি তৈরি করছেন।
সবই ঠিক আছে। কিন্তু বিশ্বকাপের বছর ২০১৯ সালে প্রায় ৪০ বছর বয়স হবে। ওই বয়সে খেলার মতো ফিট থাকবেন? প্রায় দুই বছর পর গত বুধবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলতে নেমেছেন। এসেক্সের বিপক্ষে সারেকে টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচটি জেতাতে ৩৫ বলে করেছেন ৫২ রান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ‘বুড়ো’ হাড়ে কি ভেলকি দেখাতে পারবেন? কেপির উত্তর, ‘এখন আমার বয়স হয়েছে। জানি না দুই বছর পর কী অবস্থায় থাকব।’ এএফপি।