বিশ্বকাপে ধারাভাষ্যে নেই আতাহার!

ম্যাচে টান টান উত্তেজনা। একবার জয় হেলে পড়ছে বাংলাদেশের দিকে তো পরমুহূর্তেই চলে যাচ্ছে প্রতিপক্ষের দিকে। টেলিভিশন ক্যামেরা কিছুক্ষণ পরপর তাক করা হচ্ছে ধারাভাষ্যকক্ষে। সেখানে ধারাভাষ্য দিচ্ছেন একজন সুদর্শন, দীর্ঘদেহী ভাষ্যকার। তিনি বাংলাদেশি। ধারাভাষ্যের পেশাদারি ঠেলে তাঁর চেহারায় ফুটে উঠছে দেশের জয়ের জন্য দুশ্চিন্তার ছায়া। সঙ্গী ধারাভাষ্যকারেরা তাই দুষ্টুমির ছলে তাঁর মাথায় পানি ঢালার অভিনয় করছেন। শেষ পর্যন্ত জয় বেছে নিল বাংলাদেশকেই। বয়স প্রায় ৫৩ ছোঁয়া সেই বাংলাদেশি ধারাভাষ্যকারের কণ্ঠে তখন উত্তেজনা। চিৎকারের চোটে তাঁর কণ্ঠই ভেঙে যাওয়ার উপক্রম। কিন্তু কণ্ঠে ঠিকই বাঁধভাঙা উচ্ছ্বাস, ‘দে হ্যাভ ডান ইট...বাংলাদেশ হ্যাভ ডান ইট।’
প্রিয় পাঠক, অনুমান করেছেন ঠিকই। আতাহার আলী খানের কথাই হচ্ছে। ধারাভাষ্যে রিচি বেনো যেমন অস্ট্রেলিয়াকে, ড্যানি মরিসন যেমন নিউজিল্যান্ডকে কিংবা টনি কোজিয়ার-মাইকেল হোল্ডিংরা যেমন ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন, ঠিক তেমনি আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রচারে বাংলাদেশের সমার্থক হয়ে আছেন আতাহার আলী খান। সেই টেস্ট মর্যাদার প্রথম দিনগুলো থেকেই বাংলাদেশের খেলা মানেই ধারাভাষ্যে আতাহার আলী খানের উপস্থিতি প্রায় অবধারিত। ধারাভাষ্য দিয়েছেন ২০০৭ ও ২০১১ বিশ্বকাপেও। সেই আতাহার কিনা থাকছেন না এবারের বিশ্বকাপে! প্রথম আলো অনলাইনকে নিজেই নিশ্চিত করলেন খবরটা, ‘বিশ্বকাপের ব্রডকাস্টিং স্পন্সর স্টার ইন্ডিয়া আমার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। তাই থাকা হচ্ছে না এবারের বিশ্বকাপে।’
মাশরাফি-সাকিবরা মাঠে খেলছেন আর ধারাভাষ্য কক্ষে নেই আতাহার! বাংলাদেশের ক্রিকেটে আনন্দে উদ্বেল হওয়ার অনেক মুহূর্ত এসেছে, কুলীন সম্প্রদায়ের মাঝে টিকে থাকা নিয়ে অসংখ্যবার প্রশ্নও উঠেছে। সবকিছুরই তো সাক্ষী হয়ে আছেন আতাহার! এবারের বিশ্বকাপে থাকতে পারছেন না, আতাহারের কণ্ঠ তাই একটু হতাশই ঠেকল, ‘খারাপ লাগছে। দলকে ভীষণ মিস করব। ধারাভাষ্যে থাকতে না পারার এই হতাশার কোনো তুলনা হয় বলুন?’
হতাশ হলেও টাইগারদের শুভকামনা জানাতে ভোলেননি আতাহার, ‘বাংলাদেশ দলের প্রতি রইল শুভকামনা ও দোয়া। ধারাভাষ্যে না থাকতে পারি, কিন্তু দুই-একটি ম্যাচ মাঠে গিয়ে দেখার ইচ্ছা আছে।’
দুটি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তিনি। স্মরণীয় স্মৃতি তাঁর ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর ম্যাচটাই, ‘২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটার কথা ভুলি কীভাবে! ফেবারিটদের আমরা যেভাবে নাস্তানাবুদ করলাম, সেটা বহু দিন ধরেই মনে থাকবে। বিশেষ করে তামিম, মুশফিক ও সাকিবের তিনটি অর্ধশতকে বাংলাদেশ জয় পেয়েছিল। এখনো আল্লাহর রহমতে তিনজনই দাপটের সঙ্গে খেলে যাচ্ছে। ওই ম্যাচটা কখনোই ভোলার নয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্পকার্ড হিসেবেও আতাহার মানছেন এই তিনজনকেই, ‘এই তিনজন পারফর্ম করলে বাংলাদেশ দল অনেক দূর যাবে।’
সাকিব-তামিম-মুশফিকদের ভেলায় চড়ে বাংলাদেশের বিশ্বকাপটা হয়তো দারুণ হবে। তবে সেই জয়ের পর এ দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ মিছিলে দুই-এক ফোঁটা বাড়তি আনন্দাশ্রু হয়তো যোগ হবে না এবার। ধারাভাষ্য কক্ষে অমন আবেগ নিয়ে কে-ই বা বলে উঠবেন, ‘দে হ্যাভ ডান ইট...বাংলাদেশ হ্যাভ ডান ইট।’