বিশ্বকাপে নেই আজমল

বিশ্বকাপে যাচ্ছেন না সাঈদ আজমল। বোলিং অ্যাকশন নিয়ে এখনো অনেক কাজ করতে হবে এই যুক্তিতেই নিজেকে সরিয়ে নিলেন নিষিদ্ধ পাকিস্তানি অফ স্পিনার। ৩৭ বছর বয়সী আজমল কাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দেখা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন সিদ্ধান্তটা আজমলই নিয়েছেন, ‘যেহেতু আজমল এখনো তার অ্যাকশন পুরোপুরি শোধরাতে পারেনি তাই সে নিজেই এ সিদ্ধান্ত নিয়েছে। দু-এক দিনের মধ্যেই সে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।’
গত আগস্টে শ্রীলঙ্কা সফরে গল টেস্ট চলাকালেই অভিযুক্ত হন আজমল। পরে বায়োমেকানিক পরীক্ষায়ও দেখা যায় নির্ধারিত সীমার অনেক বেশি বাঁকছে আজমলের হাত। এরপরই আইসিসি নিষেধাজ্ঞা পান আজমল।
এর পর থেকে অ্যাকশন শোধরানোর কাজ করে চলেছেন আজমল। তবে পুরোপুরি ত্রুটিমুক্ত হতে পারেননি এখনো। তাই সবকিছু বিবেচনা করে ও সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাকলাইন মুশতাকের পরামর্শেই তাড়াহুড়ো করা থেকে সরে এসেছেন আজমল। আপাতত দাঁড়াচ্ছেন না অ্যাকশনের পরীক্ষায়। এর আগে পুনর্বাসন-প্রক্রিয়ার অংশ হিসেবে কেনিয়ার বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি। এএফপি।