বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ জিতবে মাত্র একটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বাংলাদেশ ম্যাচ জিতবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে। ফাইল ছবি
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বাংলাদেশ ম্যাচ জিতবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে। ফাইল ছবি
বিশ্বকাপের গ্রুপ পর্ব নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী বাংলাদেশ ম্যাচ জিতবে কেবল একটি। গ্রুপ পর্বে সর্বোচ্চ আটটি করে ম্যাচ জিতবে ইংল্যান্ড ও ভারত।

মারকুটে ব্যাটসম্যান হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের যথেষ্ট সুনাম ছিল। কিন্তু জ্যোতিষী শাস্ত্রে তো নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের দক্ষতার কথা কখনোই শোনা যায়নি। তাঁর গণনার ওপরে কারও আস্থা আছে বলেও মনে হয় না। বিশেষ করে এখন থেকে বাংলাদেশি সমর্থকেরা প্রকাশ্যে ম্যাককালামের ভবিষ্যদ্বাণীর ওপর পুরোপুরি অনাস্থা জানাতে পারেন।

বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা যেখানে বলছেন, ক্রিকেট বিশ্বকাপে চমক দেখাবে বাংলাদেশ, সেখানে ম্যাককালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বাংলাদেশ ম্যাচ জিতবে মাত্র একটি। ২০০৩ বিশ্বকাপ ছাড়া প্রতি বিশ্বকাপেই একাধিক ম্যাচ জেতা বাংলাদেশের সমর্থকদের জন্য এমন কিছু তো মানা কঠিনই।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্ব নিয়ে খাতা-কলমে বিস্তর অঙ্ক কষেছেন ম্যাককালাম। সেটি আবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই জিতবে বাংলাদেশ। অর্থাৎ গ্রুপ পর্বের বাকি আটটি ম্যাচেই হারবে মাশরাফি বাহিনী। বাংলাদেশের মতো একটি ম্যাচ জিতবে শ্রীলঙ্কাও, সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ ও লঙ্কানদের চেয়ে ম্যাককালাম এগিয়ে রেখেছেন আফগানিস্তানকে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া আফগানদের নামের পাশে দুই জয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে।

গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ভারতকে সবার চেয়ে এগিয়ে রেখেছেন ম্যাককালাম। সাবেক কিউই ব্যাটসম্যানের মতে গ্রুপ পর্বে আটটি করে ম্যাচ জিতবে কেবল ইংল্যান্ড ও ভারত। অর্থাৎ তারা হারবে একটি করে ম্যাচ। ম্যাককালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইংল্যান্ড হারবে কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে আর ইংল্যান্ডের বিপক্ষে হারবে ভারত। এর পরেই এগিয়ে রাখা হয়েছে অস্ট্রেলিয়াকে। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচে জিতবে বর্তমান চ্যাম্পিয়নরা। এর পরে চতুর্থ স্থানের লড়াইয়ের জন্য রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে।

ম্যাককালামের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলবে, তা ভবিষ্যৎই বলে দেবে। কিন্তু একটি জায়গায় ভুল করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তালগোল পাকিয়েছেন সাবেক ওপেনার। একই ম্যাচে দুইটি দলকেই জয়ী বলে ভবিষ্যদ্বাণী করেছেন।

ম্যাককালামের ভবিষ্যদ্বাণী

যে দলের বিপক্ষে জিতবে বাংলাদেশ: শ্রীলঙ্কা
যে দলের বিপক্ষে জিতবে শ্রীলঙ্কা: ওয়েস্ট ইন্ডিজ
যে দলের বিপক্ষে জিতবে আফগানিস্তান: বাংলাদেশ ও শ্রীলঙ্কা
যে দলের বিপক্ষে জিতবে পাকিস্তান: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান
যে দলের বিপক্ষে জিতবে দক্ষিণ আফ্রিকা: বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা
যে দলের বিপক্ষে জিতবে নিউজিল্যান্ড: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ
যে দলের বিপক্ষে জিতবে ওয়েস্ট ইন্ডিজ: পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান
যে দলের বিপক্ষে জিতবে অস্ট্রেলিয়া: আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
ভারত হারবে শুধু ইংল্যান্ডের বিপক্ষে
ইংল্যান্ড হারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে