
পুরস্কার বিতরণী মঞ্চে শ্রদ্ধার্ঘ্যস্বরূপ একেকটি নাম বলে যাচ্ছিলেন মার্ক নিকোলাস। অনেকের চোখেই নামগুলো হয়ে উঠছিল ছবি! মাইকেল ক্লার্ক...দৃষ্টিনন্দন সব ড্রাইভ, স্পিনে পায়ের কাজ, তরুণ সম্ভাবনাময় ক্রিকেটার থেকে বিশ্বজয়ী নেতা হয়ে ওঠা। ড্যানিয়েল ভেট্টোরির স্মিত হাসি। ক্রিকেট আঙিনায় আবির্ভাবে যাঁকে মনে হতো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণ, মধ্য তিরিশে এখন সৌম্য দর্শন। উইকেটের সামনে-পেছনে কুমার সাঙ্গাকারার সার্বক্ষণিক উপস্থিতি। মাহেলা জয়াবর্ধনের অলস সৌন্দর্য, চোখে মায়াঞ্জন বোলানো সব শট। চতুর অধিনায়কত্ব। মিসবাহ-উল-হকের নির্ভরতা, বটবৃক্ষের ছায়া। ১৬ বছরের খ্যাপাটে শহীদ আফ্রিদি, ছত্রিশেও খ্যাপাটে রয়ে যাওয়া। ব্রেন্ডন টেলরের দৃঢ়প্রতিজ্ঞা, পাশাপাশি জিম্বাবুয়ে ক্রিকেটের দীর্ঘশ্বাস...।
ওই একেকটি নাম, টুকরো টুকরো ছবিগুলো আসলে একেকটি অধ্যায়। নামগুলো এখন সাবেক, ছবিগুলো স্মৃতি। অধ্যায়গুলোর যবনিকা টেনেছে এই বিশ্বকাপ। এভাবে বিদায়ের রাগিণী বাজে প্রতিটি বিশ্বকাপেই। ক্যারিয়ার সমাপ্তির জন্য সবচেয়ে বড় মঞ্চকে বেছে নেন অনেকেই। এবার সেই তালিকা যেন একটু বেশিই ভারী, সংখ্যায় যতটা, তার চেয়ে বেশি ক্রিকেটীয় ওজনে।
শেষজনকে দিয়েই শুরু করা যেতে পারে। ফাইনালের আগের দিন আচমকাই ওয়ানডেকে বিদায়ের ঘোষণা দিলেন ক্লার্ক। চোটের কারণে তাঁর বিশ্বকাপ খেলা নিয়েই ছিল সংশয়। নানা চোটে গত বছর দুয়েক নিয়মিত খেলতেও পারছিলেন না ওয়ানডে। এ বিশ্বকাপটা খেলবেন বলে কম ঘাম ঝরাননি! বিশ্বকাপের পরও ওয়ানডে খেলে গেলে সেটাই হতো আসলে বিস্ময়ের। বিদায়ের ঘোষণায় তাই বিস্ময় নেই, বিস্ময় ঘোষণার সময়টায়। ফাইনালের আগের দিন অবসরের ঘোষণা দিয়ে দলের মনোযোগ খানিকটা হলেও নাড়িয়ে দেওয়া ঠিক অস্ট্রেলীয় চরিত্রের সঙ্গে যায় না। তবে সেই বিতর্ক ওঠার অবকাশই দেননি, কাল সামনে থেকেই নেতৃত্ব দিয়ে বিদায়কে রাঙিয়েছেন সোনারঙে। বিশ্বজয় করে বিদায় নিতে পারেন কজন!

ক্লার্ক পারলেন বলেই পারলেন না ভেট্টোরি। বিদায়বেলায় সঙ্গী হলো না বিশ্বসেরার গৌরব। এই বিশ্বকাপকে পাখির চোখ করেই চোটের সঙ্গে যুদ্ধ করেছেন। ক্যারিয়ার-সায়াহ্নে পারফরম্যান্সেও ছিল তারুণ্যের তেজ। বিশ্বকাপে এবার সফলতম স্পিনার তিনিই (১৫ উইকেট), ধুন্ধুমার ব্যাটিংয়ের বিশ্বকাপেও নিউজিল্যান্ডের ছোট ছোট মাঠে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৪.০৪। কিন্তু সবার বিদায় তো রূপকথার মতো হয় না!
যেমন হয়নি সাঙ্গাকারা-জয়াবর্ধনেরও। বিদায়ের ঘোষণা দিয়েই বিশ্বকাপে এসেছিলেন দুজন। আফগানিস্তানের বিপক্ষে মান বাঁচানোর জয়ে সেঞ্চুরি ছাড়া জয়াবর্ধনের ব্যাট কথা বলেনি খুব একটা। সাঙ্গাকারার ব্যাটে রানপ্রবাহ আবার বারবারই জাগিয়েছে বিস্ময়, ‘এখনই কেন বিদায়!’ ওয়ানডেতে রানের তালিকায় নিজেকে তুলে এনেছেন দুইয়ে, উপহার দিয়েছেন টানা চার সেঞ্চুরির প্রথম কীর্তি। কিন্তু ব্যক্তিগত অর্জনের হাসি, সমৃদ্ধ ক্যারিয়ারের তৃপ্তির পাশে বিশ্বকাপের ট্রফি ছুঁতে না পারার আক্ষেপ সঙ্গী দুই লঙ্কান কিংবদন্তির।
বিদায়ের ঘোষণা দিয়ে এসেছিলেন মিসবাহ এবং আফ্রিদিও। ইমরান খান হওয়ার স্বপ্ন দেখেছিলেন মিসবাহ। ইমরান হতে না পারলেও চোট ও বিতর্কজর্জর দলকে যথেষ্ট সাহসিকতায় নেতৃত্ব দিয়েছেন। ৩৯৩ উইকেট নিয়ে বিশ্বকাপ শুরু করা আফ্রিদি চেয়েছিলেন ৪০০ ছুঁতে। কিন্তু গোটা টুর্নামেন্টে উইকেট পেয়েছেন মাত্র ২টি, ব্যাট হাতেও ভীষণ নিষ্প্রভ। বিনোদনদায়ীর বিদায়ী টুর্নামেন্ট সব দিক থেকেই ছিল ভুলে যাওয়ার মতো। একটু উন্নত জীবন-জীবিকা আর পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের আশায় ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন ব্রেন্ডন টেলর। ৭২ গড়ে ৪৩৩ রান, এবারের বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক, সংখ্যাগুলো আরও দীর্ঘ করছে জিম্বাবুয়ে ক্রিকেটের দীর্ঘশ্বাস।
বিদায়ের তালিকা এখানেই শেষ ভেবে নেওয়ার কারণ নেই। বিশ্বকাপের উত্তেজনা একটু মিইয়ে এলে, নিজের সঙ্গে বোঝাপড়া শেষ হলে হয়তো যোগ হতে পারে আরও কিছু নাম। কে জানে, হয়তো মহেন্দ্র সিং ধোনি, ইউনিস খান, লাসিথ মালিঙ্গা...কিংবা দু-একটি চমক-জাগানিয়া নাম!