
টানা ছয়টি বিশ্বকাপকে রাঙিয়েছে তাঁর ব্যাট। কিন্তু বিশ্বকাপ তাঁকে শিরোপা উপহার দিয়েছে ২০১১ সালে, দেশের মাটিতে। এবার সেই মানুষটিই দর্শক, বিশ্বকাপ দেখছেন গ্যালারিতে বসে। অবশ্য পোশাকি একটা পরিচয়ও আছে টেন্ডুলকারের। গতবার যেমন খেলোয়াড় থাকতেই বিশ্বকাপে আইসিসির শুভেচ্ছাদূত ছিলেন, খেলা ছাড়ার পর প্রথম বিশ্বকাপেও তা-ই।
টেন্ডুলকার যেখানেই থাকুন, আলোটা তাঁকে ঘিরে থাকে। পরশু মেলবোর্নের গ্যালারিতে দেখা গেল মাঠটাকে পেছনে রেখে সেলফি তুলছেন। আগের মতো খেলার চাপ নেই। ব্যাটে রানের ফুলকি ছুটিয়ে দলকে জেতানোর তাড়া নেই। এই টেন্ডুলকার নির্ভার, অন্য মানুষ। সময়টা ভালোই উপভোগ করছেন। তার ওপর বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। টেন্ডুলকার নিজের দলের খেলায় খুশি, বিশ্বকাপের প্রথম ১০ দিনে সবকিছুই তাঁর ভালো লাগছে।
ওয়ানডের সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বলছেন, ‘এখন পর্যন্ত যা দেখলাম, দুর্দান্তই লেগেছে। এরই মধ্যে আমরা কিছু চমকও দেখে ফেলেছি। দলগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলছে।’ টেন্ডুলকারের মুগ্ধতা শেষ নয় এখানেই, ‘মানুষ যা দেখতে চায়, তেমন খেলাই হচ্ছে। এখন পর্যন্ত খেলার মান ভালো। আমার মনে হচ্ছে, টুর্নামেন্ট যত এগোবে, আরও কিছু চিত্তাকর্ষক ক্রিকেট হবে এবং আমরা সেদিকেই তাকিয়ে আছি।’
বিশ্বকাপে তিন শ ছাড়ানো স্কোর হচ্ছে প্রায় প্রতিদিনই। রানের এই প্রবাহ নিয়েও কথা বলেছেন। টেন্ডুলকার এর পেছনে দেখছেন দুটি কারণ, ‘প্রথমত, ওয়ানডের নিয়ম বদলে গেছে। ৩০ গজের বাইরে এখন একজন ফিল্ডার কম থাকতে পারে। এটা অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে। খেলাটা এখন পুরোপুরিই উন্মুক্ত, যা বোলারদের কাজটা করে দিয়েছে কঠিন।’
২০০৩ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের চোখে দ্বিতীয় কারণটা টি-টোয়েন্টির আগ্রাসন। টি-টোয়েন্টিই ব্যাটসম্যানকে ঝুঁকিপূর্ণ শট খেলার দিকে ঠেলে দিয়েছে। উদ্ভাবনী শটও খেলছেন ব্যাটসম্যানরা, এটা তাঁরা নেটেও অনুশীলন করছেন। এই দিকগুলো তুলে ধরে টেন্ডুলকার ফিরে যাচ্ছেন পেছনে, ‘আশি-নব্বইয়ের দশকে আপনি কয়জন ব্যাটসম্যানকে দেখেছেন, যারা ফাস্ট বোলারকে রিভার্স সুইপ খেলছে? কিন্তু এটি তো এখনকার ক্রিকেটে ঘটছে। এখন একজন ব্যাটসম্যানকে যদি ওভারপ্রতি ৮ রান তাড়া করতে হয়, তাহলে তো হবেই। এটা এমন নয় যে তাদের ধরাছোঁয়ার বাইরে।’
১৪ বছর বয়সে ১৯৮৭ বিশ্বকাপে ছিলেন বলবয়। সময়ের স্রোত তাঁকে বসিয়েছে আধুনিক ক্রিকেটের সিংহাসনে। ২৪ বছরের সেই যাত্রার ইতি টেনে ‘মাস্টার ব্যাটসম্যানের’ স্মৃতিতে উঠে এসেছে অনেক কিছুই, ‘মনে পড়ছে আমি ছিলাম ১৪ বছরের কিশোর, সাতাশির বিশ্বকাপে ড্রেসিংরুমের বাইরে বসতাম বলবয় হিসেবে। সেখান থেকে উঠে এসে বিশ্বকাপে আইসিসির দূত হওয়া দারুণ এক যাত্রা এবং আমি তাতে রোমাঞ্চিত।’ আইসিসি ওয়েবসাইট।