বিশ্বকাপে যুগ্ম চ্যাম্পিয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ। দুবাইয়ে গত দুই দিনের আইসিসি বোর্ড সভায় মূল আলোচনাও যে সেটা নিয়েই হবে তা অনুমিতই ছিল। তবে বিশ্বকাপ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। তারই উল্লেখযোগ্য কয়েকটি—
বাড়ছে প্রাইজমানি
২০১১ বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৮০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এবার সেটি বেড়ে হচ্ছে ১ কোটি ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৩৭ লাখ ৫০ হাজার ডলার, রানার্সআপ ১৭ লাখ ৫০ হাজার ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য থাকছে ৬ লাখ ডলার করে। গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়া প্রতিটি দল পাবে ৩৫ হাজার ডলার করে।
থাকছে ডিআরএস
প্রথমবারের মতো বিশ্বকাপের সবগুলো ম্যাচেই ডিআরএস প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। নকআউট পর্বের আগে কোনো ম্যাচের জন্যই রিজার্ভ ডে নেই। নকআউট পর্বে টাই ম্যাচের জন্য কোনো সুপার ওভারও থাকবে না। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ টাই হলে দল গ্রুপপর্বে শ্রেয়তর অবস্থানে থাকা দলটিই যাবে পরের রাউন্ডে। ফাইনাল টাই কিংবা পরিত্যক্ত হলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ
২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পেতে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত সময় পাবে দলগুলো। ওই তারিখে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল খেলবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। একইভাবে ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি খেলবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে। ওই সময় র্যাঙ্কিংয়ে ৯ ও ১০ নম্বরে থাকা দুটি দল খেলবে ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপ ২০১৯-এর বাছাইপর্বে।
নিষিদ্ধরা ঘরোয়া ক্রিকেটে
দুর্নীতি দমন নীতিমালায় কিছু সংস্কার এনেছে আইসিসি। এখন থেকে নিষিদ্ধ ক্রিকেটাররা নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই শর্ত সাপেক্ষে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাবেন। তবে সে জন্য ওই ক্রিকেটারকে তাঁর নিজস্ব বোর্ড ও আকসু চেয়ারম্যানের অনুমতি নিতে হবে। আকসু চেয়ারম্যান বিবেচনা করবেন, নিষিদ্ধ ওই ক্রিকেটার তদন্ত চলাকালে সব তথ্য দিয়ে আইসিসিকে সহযোগিতা করেছেন কি না, আইসিসির শিক্ষামূলক কর্মসূচিতে কতটা আন্তরিক ছিলেন ইত্যাদি।
উইন্ডিজের সিরিজ বর্জন
ভারত সফরের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল করায় উদ্বিগ্ন আইসিসি। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে উদ্যোগ নিচ্ছে আইসিসি। বোর্ডের চুক্তি ভেঙে ক্রিকেটাররা আন্তর্জাতিক সিরিজ বাতিল করলে ঘরোয়া ক্লাব, কাউন্টি বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার যোগ্যতা হারাতে পারেন। সূত্র: আইসিসি বিজ্ঞপ্তি ও এএফপি।