বিশ্বকাপেই ফিরতে চান সোহাগ

খয়েরি শার্টের সঙ্গে খাকি প্যান্ট, পায়ে স্লিপার। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে বৈঠক সেরে যখন অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এসে দাঁড়ালেন, মুখে দুশ্চিন্তার লেশমাত্র নেই। সপ্রভিত সোহাগ গাজীকে দেখে কে বলবে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সম্প্রতি আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তাঁকে! চোখেমুখে আত্মবিশ্বাস।
কথা বলতে শুরু করার পর সেটা আরও ভালো করে বোঝা গেল। নিষেধাজ্ঞার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মাঝপথেই ফিরতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকছেন না। অ্যাকশন শুধরে বিশ্বকাপের আগে ফিরতে পারবেন কি না, সেটা অনিশ্চিত। কিন্তু এসব কিছু যেন তাঁকে দুশ্চিন্তায় ফেলতে পারেনি। অভিষেক টেস্টে, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই ক্রিস গেইলের হাতে ছক্কা খাওয়ার পর ওই সিরিজে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, বোতলবন্দী করে রেখেছিলেন গেইলকে, সেই আত্মবিশ্বাস যেন চোট পায়নি। বললেন, ‘আমি জানি, ফেরার ব্যাপারটি একেবারেই আমার হাতে। এটা নির্ভর করবে আমি কতটা কষ্ট করতে পারব তার ওপর। যত বেশি পরিশ্রম করব ফিরেও আসব তত তাড়াতাড়ি। লক্ষ্য হচ্ছে বিশ্বকাপের আগেই ফেরা। আমি আশাবাদী, আগামী বিশ্বকাপে খেলব।’
বোলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়ায় বাংলাদেশি বোলারদের মধ্যে নিষিদ্ধ হয়েছিলেন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২০০৮ সালে যখন তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়, জানা গিয়েছিল, বল করার সময় প্রায় ২৯ ডিগ্রির মতো কনুই বেঁকে যায় রাজ্জাকের। পরে অবশ্য মাস তিনেকের মধ্যেই নিজের সমস্যা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন রাজ্জাক। সোহাগ জানিয়েছেন, তাঁর কনুই বাঁকে ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে। কেন হচ্ছে সেটাও নাকি কিছুটা আন্দাজ করতে পারছেন। বাঁ পায়ে একটু সমস্যা আছে তাঁর, যে কারণে বল ডেলিভারির সময় ওই পায়ের অবস্থান সব সময় ঠিকঠাক থাকে না। আর সমস্যা যেহেতু কিছুটা ধরতে পেরেছেন এর সমাধানও জটিল মনে হচ্ছে না তাঁর কাছে। পাশাপাশি বায়োমেকানিক পরীক্ষার ফল জেনেই রাজ্জাকের সঙ্গে কথা বলেছেন। সেটাই নাকি তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আরও, ‘আমার কাছে মনে হয় না এ সমস্যা থেকে বেরিয়ে আসতে খুব বেশি সময় লাগবে।’
বিসিবিও চায় দ্রুততম সময়ের মধ্যে সোহাগের পুনর্বাসন-প্রক্রিয়া শুরু করতে। সে জন্য রাজ্জাকের পুনর্বাসনের সময় তাঁকে নিয়ে কাজ করা দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও রুয়ান কালপাগেকে এবারও কাজে লাগাতে চায় বিসিবি। কালপাগে অবশ্য রাজ্জাকের সঙ্গে কাজ করেছেন অল্প কিছুদিন। জাতীয় দলের তখনকার ফিল্ডিং কোচ সালাউদ্দিনই মূল তত্ত্বাবধানে ছিলেন। কিন্তু এখন কুয়ালালামপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় ক্রিকেট কোচের দায়িত্বে থাকা সালাউদ্দিনকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে না। সে ক্ষেত্রে একটা উপায় হচ্ছে সোহাগকে মালয়েশিয়ায় পাঠানো। সালাউদ্দিনও জানিয়েছেন, সোহাগ মালয়েশিয়ায় গেলে তিনি সেখানেই তাঁকে নিয়ে কাজ করতে পারবেন। অথবা নভেম্বরের মাঝামাঝি তিনি ছুটিতে দেশে এলে তখন সময় দিতে পারবেন। সোহাগ অবশ্য এই ভাবনাটা বিসিবির ওপরই ছেড়ে দিতে চান, ‘আমি ফেরার চেষ্টা চলাব। বিসিবি আমাকে যে সাহায্য করবে, আমি সেটাই নিতে রাজি আছি। রাজ্জাক ভাইয়ের সঙ্গে যাঁরা কাজ করেছেন তাঁদের সঙ্গেও কাজ করতে পারি। আমার কোনো সমস্যা নেই। আমি পুরো বিষয়টিই বিসিবির হাতে ছেড়ে দিতে চাই।’
নিষেধাজ্ঞা থেকে ফিরতে অনেক বোলারকেই বোলিং অ্যাকশন বদলাতে হয়। তবে নিজের বোলিং অ্যাকশন ঠিক রেখেই আইসিসির নিয়মে ফিরতে পারবেন বলে আশাবাদী সোহাগ, ‘অ্যাকশন বদলে যদি আমি বলই ঠিক জায়গায় ফেলতে না পারি তাহলে তো ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। মাথায় থাকবে যাতে বোলিংয়ে কোনো সমস্যা না হয় আবার নিয়মটাও ঠিক থাকে।’