বিশ্বকাপেও চোখ হাথুরুসিংহের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

ওয়ানডে সিরিজ শুরু শুক্রবার। টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপাতে চায় বাংলাদেশ। জিম্বাবুয়েও সুযোগটা কাজে লাগাতে উদ্গ্রীব। কাল সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশ দলের কোচ
প্রত্যাশার পারদ চড়ছে। টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজ নিয়েও প্রত্যাশার বেলুন ফুলে বেশ বড়ই হচ্ছে। চন্ডিকা হাথুরুসিংহে তা ভালোই বুঝতে পারছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণের আশ্বাস দিতে গিয়ে বাংলাদেশের কোচ অনেক বাস্তববাদী। সবগুলো ওয়ানডে জিততে চান তিনিও, কিন্তু কোচের লক্ষ্যটা সুদূরপ্রসারী। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে নিতে চান বাংলাদেশের কোচ।
এই সিরিজের পরেই অবশ্য জিম্বাবুয়েতে গিয়ে জানুয়ারিতে ফিরতি একটা ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব আছে বাংলাদেশের সামনে। তবে তা এখনো অনিশ্চিত। ঘরের মাঠে এই ওয়ানডে সিরিজটাই তাই ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ হতে পারে। হাথুরুসিংহে যেটিকে দেখছেন নিজেদের ঝালাই করে নেওয়ার বড় সুযোগ হিসেবে, ‘এটা প্রত্যেকের জন্য পারফর্ম করার এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ভালো একটি সুযোগ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপের সমন্বয়টা দাঁড় করানো।’
কিন্তু বিশ্বকাপ হবে একেবারেই ভিন্ন কন্ডিশনে। তার আগে এই ওয়ানডে সিরিজ দিয়ে কি আসলেই বোঝা যাবে দল কতটুকু প্রস্তুত? হাথুরুসিংহের জবাব, ‘প্রথমে চাইব, এই উইকেটে আমরা যেন আগে জিততে পারি। জয়ের অভ্যাস তৈরি করাই মূল কথা। কন্ডিশন নিয়ে পরে চিন্তা করা যাবে।’
টেস্টের মতো ওয়ানডেতেও জিম্বাবুয়েকে ধবলধোলাই করার পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ কোচের মাথায়। তবে সে জন্য দলের খেলোয়াড়দের কাছ থেকে ভালো একটা শুরু চান হাথুরুসিংহে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী শুক্রবার। কোচের চাওয়া পূরণে খেলোয়াড়েরাও যে খুব আন্তরিক, তা বোঝা গেল কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে। সবগুলো ম্যাচই যেহেতু দিবারাত্রির, কাল বাংলাদেশ দল অনুশীলন করল দিনরাত্রি মিলিয়ে। বিকেলে শুরু করে সন্ধ্যায় ফ্লাডলাইট জ্বালিয়ে আরও কিছুক্ষণ।
টেস্ট সিরিজটা হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজ নিয়ে তাই বেশ সতর্ক হাথুরুসিংহে, ‘এটা অন্য ধরনের ক্রিকেট, সুতরাং সিরিজটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতেই পারে। এমনকি টেস্ট সিরিজও একপেশে ছিল না। প্রথম টেস্টে ওরা আমাদের চাপে ফেলেছিল, দ্বিতীয় টেস্টেও অনেকটা সময় খেলায় ছিল ওরা। এবার ওদের পারফরম্যান্স অন্য রকম হতে পারে। কারণ, ওদের বোলিং ও ব্যাটিং ওয়ানডে ক্রিকেটের সঙ্গে বেশি মানানসই।’
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এ বছরটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। বছরের শুরুতে শ্রীলঙ্কা ও সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হার। ১৩ ওয়ানডের ১২টিতেই হার, পরিত্যক্ত অন্যটি। স্বস্তির সুবাতাস হয়ে আসা এই টেস্ট সিরিজটাকে তাই বড় প্রাপ্তি বলে মানছেন বাংলাদেশের কোচ, ‘ব্যাটসম্যানরা রান করেছে, চাপ সামলে ভালো খেলেছে। আমি যখন দায়িত্ব নিলাম, আমাকে বলা হয়েছিল, খেলোয়াড়েরা চাপের সময় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না। এবার তারা পেরেছে।’
ব্যাটসম্যানদের পাশাপাশি কোচের প্রশংসা বোলারদের জন্যও, ‘নির্দিষ্ট কোনো ধরনের বোলারের ওপর আমরা নির্ভর করিনি। আমাদের বৈচিত্র্য ছিল। একেক সময় একেক বোলার এগিয়ে এসেছে।’
ঠিকই বলেছেন কোচ। সবাই মিলে অবদান রাখাতেই তো জিম্বাবুয়ের বিপক্ষে অমন স্মরণীয় সিরিজ জয়।