বিশ্বকাপের আগে ওয়াকার-আফ্রিদি কোন্দলের খবর

এশিয়া কাপের দলের পারফরম্যান্স ভালো ছিল না। বাংলাদেশ ও ভারতের কাছে হেরে বাড়ির পথ ধরতে হয়েছিল। কিন্তু ‘বাড়ি ফিরে’ও ঠিক শান্তিতে নেই পাকিস্তান ক্রিকেট দল। আজ রাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা হবেন শহীদ আফ্রিদিরা। এ সময় কোথায় দলের শুভকামনা, কৌশল-সম্ভাবনা নিয়ে কথা বলবেন তা না। পাকিস্তান অধিনায়ককে কথা বলতে হচ্ছে কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে বিরোধের গুঞ্জন নিয়ে। দল নির্বাচন, অনুশীলনের ধরন—বেশ কিছু ব্যাপার নিয়েই নাকি ঝামেলা লেগে গেছে আফ্রিদি ও ওয়াকারের মধ্যে।
এশিয়া কাপ থেকে বাদ যাওয়ার পর সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে আফ্রিদিকে নিয়েই। শুধু অধিনায়ক হিসেবেই দলে জায়গা ধরে রেখেছেন, এমনকি আফ্রিদির খেলা ছেড়ে দেওয়া উচিত, এমন অনেক কথাই উঠছিল। এর মধ্যে নতুন যোগ হলো এই কোন্দলের গুঞ্জনটিও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান অবশ্য জানিয়ে দিয়েছেন, আফ্রিদিই অধিনায়ক থাকছেন। গতকাল নতুন করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন পাকিস্তান। এশিয়া কাপে ব্যর্থ খুররম মনজুরের বদলে দলে এসেছেন ওপেনার আহমেদ শেহজাদ। কিন্তু পাকিস্তান সংবাদমাধ্যমের খবর, দল ঘোষণা নিয়েও চলছে ঝামেলা।
কোন্দলের ব্যাপারে ওয়াকারের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে লাহোরে আফ্রিদির সঙ্গেও আলোচনায় বসবেন শাহরিয়ার। দুজনের মধ্যে বিরোধের কারণও জানিয়েছেন ওই ব্যক্তি, ‘চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সময় জাতীয় নির্বাচকদের সঙ্গে কাজ করার ব্যাপারে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন ওয়াকার। আফ্রিদির ব্যাপারেও কিছু অভিযোগ ছিল তাঁর। চেয়ারম্যান এখন আফ্রিদির সঙ্গে কথা বলবেন।’
কিন্তু আফ্রিদির অভিযোগ কী নিয়ে? এর উত্তরও পাওয়া গেল পিসিবির ওই সূত্রের কাছ থেকে। কিছুদিন ধরেই স্পট-ফিক্সিংয়ে নিষিদ্ধ সালমান বাটকে দলে ফেরানোর ব্যাপারে কথা হচ্ছে। কোচ ওয়াকার ও প্রধান নির্বাচক হারুন রশিদ এ ব্যাপারে কথাও বলেছেন। অথচ আফ্রিদি নাকি এ ব্যাপারে কিছুই জানতেন না, ‘ওকে না জানিয়ে বাটকে ফেরানোর ব্যাপারে কথা হয়েছে, এটা আফ্রিদি মেনে নিতে পারছে না। এরপর বোর্ডের সঙ্গে কথা বলার সময় আফ্রিদি জানিয়ে দিয়েছে, সাবেক অধিনায়ক (বাট) ফিরলে ও খেলবে না।’
কোন্দলের অভিযোগ এখানেই শেষ হচ্ছে না। আরও আছে। গত দুদিনের ঐচ্ছিক অনুশীলনে আফ্রিদি আসেননি, আর এটি নিয়ে ওয়াকার বেশ অখুশি। আবার খেলোয়াড়েরাও নাখোশ কোচের ওপর, ‘ওয়াকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি অনুশীলনে খেলোয়াড়দের বেশি পরিশ্রম করান। বিশ্রামের সময়টুকু দিচ্ছেন না।’
অবশ্য শুধু কোচ-অধিনায়কই নয়, পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বেশ বিরোধ নাকি চলছে। বিশেষত বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যান, শাহরিয়ার খান ও নাজাম শেঠির মধ্যেও বিরোধ চলছে দল সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। শেঠির বিরোধিতা উপেক্ষা করেই নাকি আফ্রিদিকে অধিনায়ক রেখেছেন খান।
দেখা যাক, এত বিরোধ–কোন্দল এক পাশে রেখে কতটা মনোযোগ দিয়ে বিশ্বকাপে খেলতে পারে পাকিস্তান। জি নিউজ।