বিশ্বকাপের আগে দুবাই সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে জানুয়ারিতে জিম্বাবুয়ে সফরের প্রস্তাব দিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট। তবে জিম্বাবুয়ে নয়, জানুয়ারিতে একটা টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল যেতে পারে দুবাইতে।
প্রস্তাবটা স্বয়ং আইসিসির। আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা তিন সহযোগী দেশ স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে আগামী ১০ থেকে ২৪ জানুয়ারি দুবাইতে একটা টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি। সেখানে খেলতে আইসিসি আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ আর জিম্বাবুয়ে দলকেও। কাল বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির এক সভায় নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে ওই টুর্নামেন্টে জাতীয় দল পাঠানোর।
ক্রিকেট পরিচালনা কমিটির সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস মুঠোফোনে বলেছেন, ‘আইসিসি থেকে এ রকম একটা প্রস্তাব আছে। আমরাও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তাতে দল পাঠানোর। তবে তার আগে বোর্ডের অনুমোদন নিতে হবে।’ দুবাইয়ের টুর্নামেন্টে খেলার ব্যাপারে কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও সায় আছে বলে জানিয়েছেন তিনি, ‘জিম্বাবুয়েতে দল পাঠানোরও একটা প্রস্তাব ছিল জিম্বাবুয়ে ক্রিকেট থেকে। কিন্তু কোচ এবং ক্রিকেট পরিচালনা বিভাগ দুবাইয়ে খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। দুবাইয়ে যে উইকেটে খেলা হবে সেটির সঙ্গে নাকি অস্ট্রেলিয়ান উইকেটের মিল আছে।’
দুবাইয়ের টুর্নামেন্টে খেললে বাংলাদেশ দল সেখান থেকেই চলে যাবে বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় আরও চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। বাংলাদেশ দল ব্যস্ত সময় কাটাবে বিশ্বকাপের পরও। আগামী বছর এপ্রিলে পাকিস্তান, জুনে ভারত, জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা ও অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলার কথা আছে বাংলাদেশ দলের।