বিশ্বকাপের আফিফই প্রিমিয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শাইনপুকুরের হয়েও প্রিমিয়ারে ম্যাচজয়ী আফিফ। ফাইল ছবি
শাইনপুকুরের হয়েও প্রিমিয়ারে ম্যাচজয়ী আফিফ। ফাইল ছবি
• প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরকে ৫ উইকেটে হারিয়েছে শাইনপুকুর
• শাইনপুকুরের পক্ষে যুব বিশ্বকাপের ফর্মেরই পুনরাবৃত্তি আফিফের
• ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স শুভাগত হোম চৌধুরীর

নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। আলাদা করেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের মধ্যে নিজেকে মেলে ধরেছেন আফিফ হোসেন। দেশে ফিরেও সেই একই আফিফ। প্রিমিয়ার লিগের শুরুর দিনই ফতুল্লায় তাঁর ফিফটি শাইনপুকুরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের সেরা খেলোয়াড় অবশ্য শুভাগত হোম চৌধুরী।

টসে জিতে প্রাইম দোলেশ্বরকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শাইনপুকুর। শুভাগত আর সুজন হাওলাদারের বোলিংয়ে সংগ্রহটা ৫০ ওভারে ১৮৮-এর বেশি নিতে পারেনি তারা। যদিও তাদের হাতে ছিল ৩ উইকেট।
প্রাইমের পক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছেন মার্শাল আইয়ুব। ৯৪ বলে ৭৪ করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। এ ছাড়া শাহনুর রহমান করেন ৩২।
ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে সাদমান ইসলাম ও ৫৫ রানে সাব্বির হোসেনের উইকেট হারায় শাইনপুকুর। কিন্তু আফিফ ও শুভাগত দারুণ এক জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। আফিফ ৪৬ বলে ৫৫ করেন। তাতে ছিল ৬ চার ও ২টি ছক্কা। শুভাগত ৭৬ বলে ৫৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন ৬ বাউন্ডারি ও ১টি ছক্কায়। এই দুইয়ের ব্যাটিংয়ে ৩০ ওভারেই ম্যাচ বের করে নেয় শাইনপুকুর।
প্রাইম দোলেশ্বরের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা, দেওয়ান সাব্বির, সালাউদ্দিন শাকিল ও আরাফাত সানি।