বিশ্বকাপের টিকিট শেষ, তবু কেন গ্যালারি ফাঁকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরায় বারবার দর্শকে ঠাসা গ্যালারি দেখানো হলেও বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচে স্টেডিয়ামের উল্লেখযোগ্য অংশ ফাঁকা পড়ে থাকছে। ছবি: রয়টার্স
ক্যামেরায় বারবার দর্শকে ঠাসা গ্যালারি দেখানো হলেও বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচে স্টেডিয়ামের উল্লেখযোগ্য অংশ ফাঁকা পড়ে থাকছে। ছবি: রয়টার্স
বিশ্বকাপ শুরুর এক বছর আগেই পছন্দের ম্যাচের টিকিট কেটে রেখেছিলেন অনেক দর্শক-সমর্থক। কিন্তু আইসিসির গাফিলতির কারণে টিকিট কেটেও মাঠে ঢুকতে পারছেন না অনেকে!

ভারতীয় দল বিদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলেও গ্যালারি কানায় কানায় ভরিয়ে রাখেন ভারতীয় দর্শক-সমর্থকেরা। অথচ বিশ্বকাপে দলটির প্রথম ম্যাচে কি না গ্যালারি ফাঁকা! শুধু ভারতের ম্যাচে নয়, গ্যালারি ফাঁকা দেখা গেছে স্বাগতিক ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো দলগুলোর ম্যাচেও। কিন্তু আইসিসির ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপের সবগুলো ম্যাচের বরাদ্দকৃত টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গেছে। তাহলে গ্যালারি কেন ফাঁকা থাকছে?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এসেছে আইসিসির অব্যবস্থাপনার চিত্র। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে আয়োজকেরা জানিয়েছিলেন, ৮ লাখ টিকিটের জন্য বিশ্বের ১৪৮টি দেশের প্রায় ৩০ লাখ লোক আবেদন করেছিলেন। যারা সফলভাবে টিকিট কিনতে পেরেছেন, ম্যাচের ছয় সপ্তাহ আগেই তাদের হাতে টিকিট পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছিল আইসিসি।

বাস্তব চিত্র এর চেয়ে ভিন্ন। ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে অন্তত ৭০০-৮০০ দর্শক কাউন্টারে ভিড় করেছিলেন টিকিটের জন্য। অথচ তাদের প্রত্যেকের কাছেই টিকিট পৌঁছে দেওয়ার কথা ছিল আইসিসির। সময়মতো টিকিট পৌঁছে দেওয়া তো দূরের কথা, কবে পৌঁছে দেওয়া হবে বা কেন দেরি হচ্ছে, কোনো কিছুই জানায়নি আইসিসি।

ওভালে তাও ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়েছিল বলে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পেরেছেন অনেকে। কিন্তু সব ভেন্যুতে এই সুবিধা পাননি সমর্থকেরা। যেমন টুর্নামেন্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচেই আগে থেকে টিকিট কেটে রাখা সত্ত্বেও সময়মতো মাঠে ঢুকতে পারেননি প্রায় ২ হাজার সমর্থক। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারা যখন মাঠে ঢুকতে পেরেছেন, খেলা ততক্ষণে প্রায় শেষ! খেলা আর দেখবেন কী, দুই ইনিংস মিলিয়ে ম্যাচটি টিকেইছিল মাত্র ৩৫ ওভারের মতো।

ক্রিকেটের সবচেয়ে বড় আসরে খেলা দেখতে এসে দর্শকদের এমন হয়রানির শিকার হতে হওয়ায় আইসিসির সমালোচনাও হচ্ছে বেশ। সমালোচনার মুখে ক্ষমাও চাইতে হয়েছে সংস্থাটিকে। ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচের পরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্দি বলেছেন, ‘আজকে যারা লাইন ধরে টিকিট সংগ্রহ করতে গিয়ে খেলা দেখতে পারেননি, তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। ১২০টির বেশি দেশে প্রায় ৭ লাখ টিকিট আমরা সুষ্ঠুভাবে পৌঁছে দিয়েছি। কিন্তু বাকি টিকিটগুলো সফলভাবে পৌঁছে দিতে পারিনি। যে কারণে সমর্থকদের স্টেডিয়ামে এসে টিকিট সংগ্রহ করতে হয়েছে।’

টিকিট বিতরণে এমন বিশৃঙ্খলা হওয়ায় আইসিসির সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বিবিসি রেডিওতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় ভন বলেছেন, ‘বিশ্বকাপের ম্যাচে এতগুলো আসন ফাঁকা থাকাটা সত্যিই লজ্জার বিষয়। তারা (আইসিসি) বারবার বলছে সব টিকিট বিক্রি শেষ। তাহলে গ্যালারি ফাঁকা কেন?’

শুধু এটুকুই নয়, আইসিসি সমালোচনার খোরাক জুগিয়েছে আরও। ট্রেন্টব্রিজেই ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচে টিকিট হাতে না পাওয়ায় যেসব দর্শক মাঠে ঢুকতে পারেননি, তাদের আসনগুলো স্পনসর ও বিভিন্ন বাণিজ্যিক সহযোগীদের কাছে ছেড়ে দিয়েছে আইসিসি, এমন খবরও এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

অসামঞ্জস্যপূর্ণ সূচি, ভুলে ভরা আম্পায়ারিং—মাঠের ক্রিকেটে এরই মধ্যে বিতর্কের উপাদান জোগান দিয়েছে এবারের বিশ্বকাপ। এবার মাঠের বাইরেও বিতর্কিত কাজ করে সমালোচনা আরও উসকে দিল আইসিসি।