বিশ্বকাপের তারকারাই আজ 'ফ্লপ'

গেল বিশ্বকাপের সুবর্ণ স্মৃতি এখনো টাটকা। এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে গিয়েছিল বাংলাদেশ। এই প্রথম বিশ্বকাপে আলো ছড়িয়েছেন বাংলাদেশের বেশ কজন। খুব স্বাভাবিকভাবেই আজ তাদের ওপর নজর ছিল বেশি। এবং কী কাণ্ড, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনে একেবারে ফ্লপ মেরে গেলেন বিশ্বকাপে আলো ছড়ানো তারকারাই।
সময় পাল্টেছে। পাল্টেছে অনেক কিছু। সামনে নতুন মিশন। পাকিস্তান আসছে কদিন বাদে। আর নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশের ক্রিকেটাররা পেয়েছেন বিসিএলের এই ওয়ানডে সংস্করণে। চারটা দলে ভাগ হয়ে খেলছেন মাশরাফি-মুশফিকরা। মিরপুরে মাশরাফির প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে মুমিনুলের ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে। তবে ফতুল্লার ম্যাচটি হয়ে দারুণ জমজমাট। সেটিও লো স্কোরিং ম্যাচ। তবে জয় পরাজয় নির্ধারিত হয়েছে একেবারে শেষ ওভারে। ৩ বল আর ২ উইকেট বাকি ওয়ালটন মধ্যাঞ্চলকে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল।
বিশ্বকাপে দুর্দান্ত নেতৃত্বের জন্য আলোচনায় আসা মাশরাফি আজ দলকে উজ্জীবিতই করতে পারেননি। ৩৮.৫ ওভারে মাত্র ১২২ রান তুলে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চল। ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায় পূর্বাঞ্চল। হাতে ৪ উইকেট থাকলেও ৫০ ওভারে ২০৯ রানের বেশি তুলতে পারেনি মধ্যাঞ্চল। তবে উত্তরাঞ্চলকে ঘামিয়েও দিয়েছিল তারা। দুই ম্যাচ মিলিয়ে দিনের সেরা তারকা নাসির হোসেন। ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৯৪ বলে ৭৬ রানের দারুণ একটা ইনিংসও খেলেছেন।
বিশ্বকাপ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি চোখ ছিল মাহমুদউল্লাহর ওপরই। সেই মাহমুদউল্লাহ মাত্র ৪ রান করে নাসির হোসের বলে ফরহাদ রেজাকে ক্যাচ দিয়েছেন। শুধু তা-ই নয়, ইনিংসের শেষ ওভারের দায়িত্বটা অধিনায়ক হিসেবে নিজের হাতেই তুলে নিয়েছিলেন। তাঁর বলেই পরপর দুটো চার মেরে মধ্যাঞ্চলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন সানজামুল।
অথচ ৪৯তম ওভারের শেষ তিন বলে ২ উইকেট নিয়ে মধ্যাঞ্চলকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন তাসকিন আহমেদ। এর একটি উইকেট ছিল আবার গলার কাঁটা হয়ে থাকা নাসিরের। শেষ ওভারে ৮ রান দরকার ছিল। মাহমুদউল্লাহ তিন বলেই দিয়েছেন ৯। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় তারকাই আজ সবচেয়ে বড় ফ্লপ।
উত্তরাঞ্চলের হয়ে খেলা মুশফিকুর রহিম ২৮ বলে ১৬ করে মোশাররফ হোসেনের বলে বোল্ড হয়েছেন। মুশফিকের সতীর্থ সাব্বির ৮ বলে করতে পেরেছেন মোটে ৪। সৌম্য সরকার আর তামিম ইকবাল আজ খেলেননি। সাকিব আল হাসান তো আইপিএল খেলতে ভারতে।
বোলারদের মধ্যে দক্ষিণাঞ্চলের হয়ে খেলা রুবেল আজ ২ উইকেট নিয়েছেন বটে, কিন্তু ৬ ওভারে দিয়েছেন ২৮ রান। মাশরাফি তো ৭ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতেও রানের খাতা খোলা হয়নি অধিনায়কের। তাসকিনও প্রথম ৯ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। নিজের দশম আর ইনিংসের ৪৯তম ওভারের প্রথম দিন বলে ৭ রানও দিয়ে বসেন। এর পরই সেই দুই উইকেট।
আজকের দিনের তারকা নিঃসন্দেহে নাসির। বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচ খেলেছেন, বাকিটা সময় দর্শক হয়ে থাকতে হয়েছিল। সেই নাসির বোঝালেন, দলের তাঁর প্রয়োজন কতটা। বিশ্বকাপে মাত্র ১ ম্যাচ খেলা আরাফাত সানিও আজ দারুণ বল করেছেন। ৭ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ধসিয়ে দিয়েছেন দক্ষিণাঞ্চলকে। মাত্র ৪৫ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা। মাত্র এক ম্যাচ খেলা তাইজুলও ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়ে মধ্যাঞ্চলকে ২০৯ রানে আটকে ফেলতে ভূমিকা রেখেছেন।
নাসির ছাড়া আজ ফিফটির দেখা পেয়েছেন আর দুজন। দক্ষিণাঞ্চলের সৈকত আলী (৮৩ বলে ৫১)। বিশ্বকাপ স্কোয়াডেই জায়গা না পাওয়া শামসুর রহমান (১০১ বলে অপরাজিত ৭৬)।