বিশ্বকাপের দল ঘোষণা আজ
কিছুদিন ধরে জল্পনা-কল্পনা কম হচ্ছে না। কেমন হবে বিশ্বকাপের দল, কারা খেলবেন বাংলাদেশ দলের হয়ে ২০১৫ বিশ্বকাপে? সবকিছুর অবসান হয়ে যাবে আজই। বিসিবির নির্বাচক কমিটি আজ বেলা ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘোষণা করবে বিশ্বকাপের দল।
ছুটি কাটিয়ে পরশু রাতে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের দল চূড়ান্ত করার আগে কাল তাঁর সঙ্গে শেষ আলোচনাটুকু সেরে নিয়েছে ফারুক আহমেদের নির্বাচক কমিটি। ১৫ জনের দল চূড়ান্ত করে কালই তাঁরা সেটি তুলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানের হাতে। তাঁর অনুমোদনের পরই আজ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে।
অবশ্য নির্বাচকেরা জানানোর আগেই গত দু-তিন দিনে সংবাদমাধ্যমে বিশ্বকাপের দল সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। বিশ্বকাপের দলে কার থাকা উচিত, কার থাকার সম্ভাবনা কম, বোর্ড সভাপতির মুখ দিয়ে এসব বের হওয়া মানে নির্বাচকদের ওপর একটা প্রচ্ছন্ন চাপ তৈরি হওয়া। আবার এমনও হতে পারে, নির্বাচক কমিটির কাছ থেকে ধারণা পেয়েই সংবাদমাধ্যমের কাছে সেটা বলে দিয়ে থাকবেন সভাপতি। ঘটনা যা-ই হোক, বিশ্বকাপের দল নিয়ে বোর্ড সভাপতির আগাম মন্তব্যে বিব্রত নির্বাচক কমিটিও।