বিশ্বকাপের পেসার একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টনি ওয়ালশ
কোর্টনি ওয়ালশ

৫০০ টেস্ট উইকেট নেওয়া প্রথম বোলার। ওয়ানডেতেও দারুণ সফল। রঙিন পোশাকে অবশ্য উইকেটশিকারির চেয়ে বেশি ছিলেন কিপটে। আলো ছড়িয়েছেন বিশ্বকাপেও। আইসিসি ওয়েবসাইটের জন্য কোর্টনি ওয়ালশ বেছে নিয়েছেন ১১ জন পেসারকে, আসছে বিশ্বকাপে যাঁরা আলো ছড়াতে পারেন
১. মিচেল জনসন: দেশের মাটিতে খেলবে, সব মাঠেই কার্যকর হতে পারে। আত্মবিশ্বাস থাকবে উঁচুতে। দল ও অধিনায়কের প্রত্যাশাও অনেক বেশি ওর কাছে। দারুণ গতিময়, শুরুতেই ব্যাটসম্যানকে পেছনে ঠেলে দিতে পারে। মিচকে কাজে লাগানো হবে শুরুতে ব্রেক থ্রু দিতে, পরে ফেরানো হবে উইকেট এনে দিতে। বলা যেতে পারে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি।
২. ডেল স্টেইন: মিচের মতো করেই কাজে লাগানো হবে ডেল স্টেইনকে। গত কয়েক বছরের সবচেয়ে ধারাবাহিক ফাস্ট বোলার। ডেলও দারুণ গতিময়, সঙ্গে সুইং করাতে পারে দুই দিকেই। তবে ওর যেটা আমার সবচেয়ে পছন্দ, তা হলো নিয়ন্ত্রিত আগ্রাসন ও গতিবৈচিত্র্য।
৩. কেমার রোচ: ক্যারিবিয়ান পেস আক্রমণের মূল অস্ত্র। যদিও সতীর্থদের মতো অতটা লম্বা নয়, তবে বলে আছে গতি, বল রাখতে পারে ঠিক জায়গায়। চোটের কারণে এখন খেলছে না। তবে ওর দেরিতে বল মুভ করানোর ক্ষমতা অনেক ব্যাটসম্যানকে বিপাকে ফেলতে পারে।
৪. প্যাট কামিন্স: দক্ষিণ আফ্রিকায় ওকে খুব কাছ থেকে দেখেছিলাম কয়েক বছর আগে। সত্যিই দারুণ মনে ধরেছিল, বিশেষ করে ওর গতি ও নিয়ন্ত্রণ। এরপর চোটাঘাত ওর প্রতি খুব সদয় হয়নি। এখন আবার ফিরেছে। গতির ঝড় তুলতে পারে, স্লোয়ার বলও দারুণ, সুইং করাতে পারে দুই দিকেই। নিজ দেশের পরিচিত কন্ডিশনে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ওর।
৫. জেরোম টেলর: কেমার রোচের মতো জেরোমও খুব বেশি লম্বা নয়। চোটের কারণে বাইরে ছিল অনেক দিন। বিশ্বকাপ তাই ওর জন্য হবে বড় একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ। ওর যথেষ্ট গতি আছে, দুই দিকে সুইং করাতে পারে। ছন্দ খুঁজে পেলে ভোগাতে পারে যেকোনো ব্যাটসম্যানকে।
৬. জেমস অ্যান্ডারসন: অনেক দিন ধরেই ইংলিশ বোলিং আক্রমণের নেতা। প্রত্যাশাটাও তাই অনেক বেশি ওর কাছে। বল সুইং-সিম করাতে পারে, নতুন বলকে কাজে লাগাতে পারে দারুণভাবে। জিমির স্লোয়ার বলও দুর্দান্ত।
৭. লাসিথ মালিঙ্গা: গতি আছে, সঙ্গে খুব ভালো ইয়র্কার। বাউন্সি পিচে ইয়র্কারটা কীভাবে কাজে লাগায়, সেটা দেখতে কৌতূহল জাগছে। আর শেষের দিকে যে সে বিশ্বসেরাদের একজন, সেটা তো অনেকবারই দেখিয়েছে।
৮. মরনে মরকেল: গতি আছে, উচ্চতার কারণে বাউন্সও পায় অনেক। ছন্দে থাকলে ব্যাটসম্যানদের খুব ভোগায়। সুইংও করাতে পারে। চাইবে স্টেইনের সঙ্গে শুরুতেই উইকেট তুলে নিতে। উইকেট-কন্ডিশন ওর বোলিংয়ের জন্য আদর্শ, ওর দিকে তাই নজর রাখতেই হবে।
৯. স্টিভেন ফিন: ফিনেরও সম্পদ উচ্চতা। দারুণ ফর্মেও আছে, অস্ট্রেলিয়ান কন্ডিশন-উইকেটে আগ্রাসনও দেখিয়েছে ভালোই। এই বিশ্বকাপেই হয়তো নিজেকে প্রমাণ করবে, ছড়াবে আলো। গতি আছে, ভালো বাউন্স পায়, বল মুভ করাতেও পারে। যে লেংথে বোলিং করে, তাতে অ্যান্ডারসনের সঙ্গী হিসেবে আদর্শ।
১০. ভারনন ফিল্যান্ডার: তুমুল গতি নেই। কিন্তু সেটি পুষিয়ে দিতে পারে টানা এক জায়গায় বল রেখে। নিখুঁত লাইন-লেংথ, সুইং ও নিয়ন্ত্রণ দিয়ে ব্যাটসম্যানদের চাপে ফেলে হয়ে উঠতে পারে উইকেটশিকারি।
১১. জেসন হোল্ডার: অন্য অনেকের মতো অভিজ্ঞতা নেই। তবে উচ্চতার কারণে পাওয়া সহজাত বাউন্সে বিপাকে ফেলতে পারে ব্যাটসম্যানদের। খুব ভালো বাউন্সারের সঙ্গে ওর ইয়র্কারও দারুণ। সব সময় শিখছে। জোয়েল গার্নার বা এখনকার বোলিং কোচ কার্টলি অ্যামব্রোসের মতো কিছু করা হবে কঠিন, তবে সে চেষ্টার কমতি রাখবে না।