বিশ্বকাপের পোশাকি মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত প্রদর্শনীর পর্দা ওঠার আগে মহড়া চলে দিনের পর দিন। আসছে বিশ্বকাপের বিশ্ব লড়াইয়েরও একটি মহড়া শুরু হচ্ছে আজ। মাত্র চার সপ্তাহ পর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপের যুদ্ধ। তার আগেই আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। বিশ্বকাপের আগে বিশ্ব সিরিজ!
‘বিশ্ব সিরিজ’ শুনে চমকে উঠতে পারেন। তবে ওয়ানডে ক্রিকেটের পথচলার একান্ত অনুসারী হলে নামটা অচেনা লাগার কথা নয়। আজ যে ত্রিদেশীয় সিরিজ শুরু, ১৯৭৯ সালে শুরুর পর ১৯৯৬ পর্যন্ত এটির কেতাবি নাম ছিল ‘বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ।’ পরে স্পনসর পাল্টে গিয়ে বদলে যায় নামও। কার্লটন অ্যান্ড ইউনাইটেড সিরিজ থেকে ভিবি হয়ে এখন সিবি সিরিজ। ‘এখন’ বললে অবশ্য একটু ফাঁক থেকে যায়। একসময়ের অস্ট্রেলিয়ান গ্রীষ্মের অবিচ্ছেদ্য অংশ এই টুর্নামেন্ট এখন অনিয়মিত। আরও সুনির্দিষ্ট করে বললে ভারতনির্ভর!
ত্রিদেশীয় সিরিজ হলে স্বাগতিক ছাড়া অন্য দুই দলের ম্যাচে টিভি স্বত্ব থেকে আয় কমে আসে অনেকটাই। বেশি লভ্যাংশের আশায় তাই এই ত্রিদেশীয় সিরিজে জায়গা নিল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ভারতকে পেলে তো আর আয় কমে যাওয়ার ভয় নেই, বরং আরও বেশি আয়ের গ্যারান্টি। যে গ্রীষ্মে তাই ভারতের অস্ট্রেলিয়া সফর থাকে, সেই সময়টাতেই এই ত্রিদেশীয় সিরিজ তার অস্তিত্ব জানান দেয়। গত আট বছরে দুবার হয়েছে টুর্নামেন্ট, দুটিই ভারত ছিল বলে। হচ্ছে এবারও। এবারের টুর্নামেন্টের গুরুত্বও অন্য রকম। বিশ্বকাপের ঠিক আগে বিশ্বকাপের দেশে এমন একটি টুর্নামেন্ট খেলার সুযোগকে তো ‘সুবর্ণ’ বললেও কম বলা হয়! অনেকে আবার এটির নেপথ্যে ‘বিগ থ্রি’ জোটের কারসাজি দেখছেন। এই তিন মোড়ল মিলে বিশ্ব ক্রিকেট পরিচালনার খোলনলচে পাল্টে দিয়েছে। বিশ্বকাপের আগে তিন দেশ মিলে এমন টুর্নামেন্ট খেলার পথ বের করা তো কোনো ব্যাপারই নয়!
বিশ্বকাপের ঠিক আগে বলে অবশ্য দৈর্ঘ্য কমে গেছে টুর্নামেন্টের। বরাবরই প্রাথমিক পর্বে প্রতি দেশ তিনবার পরস্পরের মুখোমুখি হলেও এবার হবে দুবার। সিডনির ব্যাটিং-স্বর্গে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আজকের ম্যাচ দিয়ে যাত্রা শুরু নতুন ইংল্যান্ডের। অ্যালিস্টার কুকের নেতৃত্বে বিবর্ণ ইংল্যান্ড নতুন শুরুর আশায় নামবে এউইন মরগানের নেতৃত্বে। চোটের কারণে মাইকেল ক্লার্ককে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তবে অধিনায়কত্বের কাজটা যে জর্জ বেইলি খারাপ পারেন না, সেটি তো নানা সময়েই প্রমাণ করেছেন।
জয়-পরাজয় এখানেও মুখ্য। তবে জয়ের তৃষ্ণার পাশাপাশি থাকবে নতুন কিছু চেষ্টা করা, পুরোনোগুলো ঝালাই করা, বিকল্পগুলো বাজিয়ে দেখা, ভুলগুলো শুধরে নেওয়া। যুদ্ধের ঝাঁজের চেয়ে বেশি থাকবে হয়তো ওই মহড়ার আবহ! এএফপি, ক্রিকইনফো।