বিশ্বকাপের প্রাথমিক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ ক্রিকেট বিশ্বকাপের বাকি মাত্র ৬৬ দিন। টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণা শুরু হয়ে গেছে। কাল ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা দলে চায়নাম্যান
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস এখন ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার। ম্যাথুস তো আছেনই, কাল ঘোষিত শ্রীলঙ্কার বিশ্বকাপের প্রাথমিক দলে অলরাউন্ডার আছেন বেশ কজনই। এঁদের একজন স্পিন বোলিং অলরাউন্ডার রামিথ রামবুকভেলা। গত বছর শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলা রামবুকভেলাকে নেওয়া হয়েছে চতুরঙ্গ ডি সিলভার জায়গায়। একেবারে নতুন মুখ একজনই—চায়নাম্যান বোলার লক্ষ্মণ সান্ডাকামও। ২৩ বছর বয়সী সান্ডাকাম এবারই প্রথম দলে ডাক পেলেন। ৩০ জনের দলে জায়গা পেয়েছেন ২০১২ সালের পর কোনো ওয়ানডে না খেলা দুই পেসার ফারভিজ মাহারুফ ও নুয়ান প্রদীপ। বাংলাদেশের মতো শ্রীলঙ্কা দলেও ২০১১ বিশ্বকাপ খেলা ক্রিকেটারের সংখ্যা ৯। ম্যাথুসই অধিনায়ক। ক্রিকইনফো।
রাইডার নেই
খামখেয়ালিপনার মূল্য দিলেন জেসি রাইডার। সুযোগ হারালেন নিজের দেশে বিশ্বকাপ খেলার। ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কাল রাইডারকে বাদ দিয়েই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ড। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের বাদ পড়া ছাড়া দলে আর কোনো চমক নেই, নেই কোনো নতুন মুখও। ড্যানিয়েল ভেট্টোরিসহ চলতি পাকিস্তানে সিরিজের দলে থাকা সবাই আছেন দলে। গত মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের দুবাই সফর থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই নাকি রাইডারের কোনো খবর পায়নি নিউজিল্যান্ড ক্রিকেট। নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক ব্রুস এডগার জানিয়েছেন, ‘সে নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকে তার সত্যিকারের কোনো খবর আমাদের জানা নেই। ’ এএফপি।