বিশ্বকাপের বিতর্ক
একটা-দুটো বিতর্ক ছাড়া কি ক্রিকেটের কোনো বড় টুর্নামেন্ট হয়! আর বিশ্বকাপ হলে তো কথাই নেই। আগের ১০টি বিশ্বকাপ সাক্ষী হয়ে আছে এমন অনেক বিতর্কিত ঘটনার। স্মৃতির ভেলায় ভেসে ফিরে তাকানো যাক তেমনই ১১টি বিতর্কিত ঘটনার দিকে
গাভাস্কারের ভুতুড়ে ব্যাটিং
প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ। আগে ব্যাট করে ৪ উইকেটে ৩৩৪ রান তুলল ইংল্যান্ড। তাড়া করতে নেমে জন স্নোর প্রথম ওভারটা দেখেশুনে কাটিয়ে দিলেন গাভাস্কার। জিওফ আরনল্ডের পরের ওভারটাও কাটালেন ধীরেসুস্থে। এভাবে ১০ ওভার গেল, মারার কোনো লক্ষণই নেই। ২০ ওভার পরে দর্শক তো বটেই, প্রতিপক্ষ খেলোয়াড়েরাও মাথা চুলকাতে শুরু করলেন। কিন্তু গাভাস্কার অনড়! শেষ পর্যন্ত পুরো ৬০ ওভার ব্যাট করে ১৭৪ বলে অপরাজিত ৩৬ রান করেছিলেন ভারতীয় ওপেনার। ভারত করল ৩ উইকেটে ১৩২ রান! কী ভেবে সেদিন ওই রকম ব্যাট করছিলেন গাভাস্কার সেটা আজও রহস্য!
হুইটনি-মঈনের দ্বন্দ্ব
১৯৯২ বিশ্বকাপে গ্রুপপর্বে পার্থে পাকিস্তানের ২২০ রান তাড়া করছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ১৬৭ হয়ে যাওয়ার পর ক্রিজে এলেন মাইক হুইটনি। উইকেটের পেছনে থাকা মঈন খানের সঙ্গে তাঁর খোঁচাখুঁচি শুরু তখন থেকেই। গুঞ্জন আছে, মঈন নাকি হুইটনিকে ‘প্রতারক’ বলেছিলেন। খেপে গিয়ে তাঁর দিকে তেড়ে যান হুইটনি। দুজনকে শান্ত করলেন ক্রিজে থাকা অন্য ব্যাটসম্যান ব্রুস রিড আর আম্পায়ার পিলু রিপোর্টার। শেষ পর্যন্ত সুন্দর সমাধান দিলেন ওয়াসিম আকরাম, হুইটনিকে সরাসরি বোল্ড করে।
হায়, বৃষ্টি আইন!
সিডনি, ১৯৯২। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই সেমিফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের ২৫২ রান তাড়া করছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে ১৩ বলে দরকার ২২। হাতে ৪ উইকেট। আবার বৃষ্টি। সেটা থামার পর দক্ষিণ আফ্রিকা জানল, জিততে হলে তাদের করতে হবে ৭ বলে ২২! কিছুক্ষণ পরই এই হিসাবটাও বদলে বড় পর্দায় দেখানো হলো, জেতার জন্য দক্ষিণ আফ্রিকার লাগবে ১ বলে ২২ (আসলে দরকার ছিল ১ বলে ২১)! ক্রিস লুইসের ওই বলে সিঙ্গেল নেন ব্রায়ান ম্যাকমিলান, তারপর হতাশ চোখে হাঁটা শুরু করেন ড্রেসিংরুমের দিকে।
ওয়াকওভার
১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপপর্বে এই দুটি দেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ দুটি ছিল নিজের মাঠে। কিন্তু নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কায় খেলতে যেতে অস্বীকৃতি জানায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়াকওভার পায় শ্রীলঙ্কা। তবে ওয়াকওভার দিয়েও কোয়ার্টার ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ওই শ্রীলঙ্কা। লাহোরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭

উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা।
নিষিদ্ধ ওয়ার্ন
২০০৩ বিশ্বকাপ শুরুর এক দিন আগে জানা গেল খবরটা। ডোপ পরীক্ষায় পজিটিভ শেন ওয়ার্ন। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরত পাঠানো হলো অস্ট্রেলিয়ান স্পিনারকে। ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন এক বছরের জন্য। এক বছর পর ওয়ার্ন ক্রিকেটে ফেরেন ঠিকই, কিন্তু বিশ্বকাপে আর খেলা হয়নি তাঁর। ওয়ার্নকে ছাড়াই ২০০৩ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
প্রতিবাদ
বরাবরই প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সরকারের বিরোধী ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০৩ বিশ্বকাপে তাঁর সঙ্গে একই দলে যোগ দেন সতীর্থ হেনরি ওলোঙ্গাও। নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটার আগে দুজন মিলে এক সংবাদ সম্মেলন করলেন মুগাবের গণতন্ত্রবিরোধী কার্যকলাপ নিয়ে। শুধু তা-ই নয়, প্রতিবাদে ম্যাচটাও খেললেন কালো ব্যাজ পরে। ফলাফল, বিশ্বকাপের পরই দেশ ছাড়তে হয় দুজনকে।
রহস্যময় মৃত্যু
২০০৭ বিশ্বকাপেই গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের কাছে পরপর দুটি ম্যাচ হারল পাকিস্তান। আয়ারল্যান্ডের কাছে ম্যাচটা হারের পরদিন জ্যামাইকায় নিজের হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া যায় তখনকার পাকিস্তান কোচ বব উলমারকে। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হলেও পরে ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত ব্যাপার নিয়ে নানা গুঞ্জন ওঠে। জ্যামাইকান পুলিশ হত্যা মামলা ধরে নিয়ে তদন্তও করে। পরে অবশ্য বলা হয়েছে স্বাভাবিক মৃত্যু। আসলেই স্বাভাবিক ছিল কি না, সেটা আজও রহস্য।
ইডেনে আগুন
১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনাল। ইডেন ভরা দর্শক আশা করেছিলেন শ্রীলঙ্কার ২৫১ তাড়া করেই ফাইনাল খেলবে ভারত। হলো উল্টো। টেন্ডুলকার আউট হওয়ার পর ভারতের ব্যাটিং ধস। ৩ উইকেটে ১০১ থেকে ৮ উইকেটে ১২০ হয়ে যায় ভারত। পরিণতি নিশ্চিত বুঝে আচরণও বদলে ফেলে ভারতীয় দর্শকেরা। ভারত হারবে এটা যেন মানতেই পারছিলেন না তারা। গ্যালারিতে আগুন জ্বালানো ছাড়াও খেলা চলা অবস্থায় মাঠে জুতো ও ইটপাটকেল মেরে হুলুস্থুল কাণ্ড করলেন তাঁরা। অবস্থা এতই ভয়াবহ হয়ে ওঠে যে, ম্যাচ রেফারি খেলা বন্ধ করে দিতে বাধ্য হন। জয়ী ঘোষণা করা হয় শ্রীলঙ্কাকে।
মিয়াঁদাদের বাঁদরলাফ
১৯৯২ বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টেন্ডুলকারের বৈচিত্র্যময় মিডিয়াম পেস খেলতে সমস্যা হচ্ছিল জাভেদ মিয়াঁদাদের। সেটি নিয়ে ভারতীয় উইকেটকিপার কিরণ মোরে খোঁচাচ্ছিলেন মিয়াঁদাদকে, অযথাই আবেদন করছিলেন বারবার। জাবাব দিচ্ছিলেন মিয়াঁদাদও, ‘ক্রিকেটটা মানুষের খেলা, জন্তু-জানোয়ারের নয়।’ একসময় এই খোঁচাখুঁচি উঠে যায় চরমে। কিরণ মোরে যেভাবে আবেদন করছিলেন, তা নকল করে বাঁদরের মতো লাফান মিয়াঁদাদ। ওই ম্যাচে হারলেও শেষ পর্যন্ত শিরোপা জেতে পাকিস্তান।
অপমান
১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালের আগের রাত। অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রাক–ফাইনাল ডিনারের নিমন্ত্রণ দুই দলের। ওই অনুষ্ঠানেই পারফর্ম করতে আসেন অস্ট্রেলিয়ান কমেডিয়ান গ্যারি কনোলি। কনোলি এসেছিলেন ইংল্যান্ডের রানির সাজে। পারফরম্যান্সের একপর্যায়ে রসিকতা শুরু করলেন রানিকে নিয়ে। বললেন, রাজপরিবারকে নাকি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত অথবা কোনো পালক পরিবারের হাতে! অপমান সইতে না পেরে ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচ ও ইয়ান বোথাম রেগেমেগে সবার সামনে দিয়েই বেরিয়ে যান অনুষ্ঠান থেকে।
খ্যাপা ফ্লিনটফ

ইয়ান বোথামের সঙ্গে খুব খাতির ছিল অ্যান্ড্রু ফ্লিনটফের। ২০০৭ বিশ্বকাপে বোথাম গিয়েছিলেন ধারাভাষ্যকার হিসেবে, ফ্লিনটফ ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচটা হারের পর গভীর রাত পর্যন্ত নৈশক্লাবে কাটালেন ফ্লিনটফ। সেখান থেকে পরে বেড়াতে গেলেন সেন্ট লুসিয়ার সমুদ্রসৈকতে। হঠাৎ মনে হলো বন্ধু বোথামের সঙ্গে একটু ড্রিংক করে এলে কেমন হয়। তাঁর নাকি মনে হয়েছিল বোথাম আছেন সমুদ্রের মাঝে কোনো একটা নৌকায়। সেটা ভেবেই সৈকত থেকে একটা পেডালো নিয়ে ভাসতে থাকলেন সমুদ্রে। মাঝরাতে তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে আনা হয়েছিল। পরের ম্যাচে নিষিদ্ধ হন ফ্লিনটফ, কেড়ে নেওয়া হয় তাঁর সহ-অধিনায়কত্বও। সূত্র: দ্য ক্রিকেটার।