বিশ্বকাপের মাহেন্দ্রক্ষণ...
উদ্বোধনী অনুষ্ঠান এখন বিশ্বকাপের নিয়মিত অনুষঙ্গ। ব্যতিক্রম হচ্ছে না এবারও, ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ—দুই জায়গাতেই হবে অনুষ্ঠান। ক্রাইস্টচার্চের অনুষ্ঠানে নিউজিল্যান্ড কিংবদন্তি রিচার্ড হ্যাডলির সঙ্গে থাকবেন সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং আর বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে পারফর্ম করবেন সোল থ্রি মায়ো (নিউজিল্যান্ডের গায়ক-ত্রয়ী), জিনি ব্ল্যাকমোর, হেইলে ওয়েস্টেনের মতো তারকা শিল্পীরা। মেলবোর্নের উৎসবে বিশ্বকাপের সাবেক ও বর্তমান খেলোয়াড়ের সঙ্গে থাকবেন ক্রিকেটের কিংবদন্তিরা। সেখানেও সংগীত আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকবে আতশবাজি। তুলে আনা হবে অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য। থাকবে একটা ‘বিশেষ ক্ষণ’, যেটা এখনো প্রকাশ করা হয়নি। কী সেই ‘ক্ষণ’, তার সাক্ষী হতে চাইলে আপনাকে ১২ ফেব্রুয়ারি উপস্থিত থাকতে হবে মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে। আর ক্রাইস্টচার্চের অনুষ্ঠান উপভোগ করতে হলে যেতে হবে নর্থ হ্যাগলি পার্কে। আইএএনএস।