বিশ্বকাপের লড়াইয়ে আফগানিস্তান-আয়ারল্যান্ড
একটি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়, এর মধ্যেই নিশ্চিত হলো পরের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আগেই জানানো হয়েছিল, ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে ৮ দল, যারা ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকবে। বাকি দুটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি খেলবে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ১০ দলের বাছাইয়ে বাকি ছয় দল উঠে আসবে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ থেকে। অর্থাৎ সহযোগী দেশগুলোর শীর্ষ দুই শক্তি আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে ওয়ার্ল্ড ক্রিকেট লিগে খেলতে হবে না। কাল দুবাইয়ে আইসিসি বোর্ড সভার সিদ্ধান্ত এই সুখবর দিয়েছে দেশ দুটিকে। নির্ধারিত সময়ে র্যাঙ্কিংয়ে উন্নতি না হলে এই বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশকেও। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৫ পয়েন্ট নিয়ে এখন ৯ নম্বরে বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে আটে আছে ওয়েস্ট ইন্ডিজ।