বিশ্বকাপের সূচিতে ভারতের অসুবিধাই দেখছেন গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলছে ভারত। ছবি: রয়টার্স
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলছে ভারত। ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকা আজ যখন তৃতীয় ম্যাচ খেলছে, ভারত খেলছে তাদের প্রথম ম্যাচ! চোখে তো লাগেই। সব দলই যেখানে অন্তত দুটি করে ম্যাচ খেলেছে বা খেলেছ, সেখানে ভারত খেলছে প্রথম ম্যাচ। বাকি দলগুলোর তুলনায় ভারত কি একটু বেশি বিশ্রাম নিয়ে শুরু করল? এর আগে খবর এসেছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধেই ভারতকে বিশ্বকাপের সপ্তম দিনে প্রথম ম্যাচ দিয়েছে আইসিসি। ঠাসা সূচি ও আইপিএলের ধকল সামলাতেই নাকি এই অনুরোধ। কাল তো বিরাট কোহলি স্বীকারও করেছেন, দেরিতে শুরু করায় তাদের সুবিধাই হয়েছে। প্রথম সাতটি ম্যাচ দেখে বিশ্বকাপ সম্পর্কে বেশ ভালো ধারণা নিয়েই মাঠে নামতে পারছেন তাঁরা।

তবে ভারতেরই কেউ কেউ মনে করেন, ভারতের এতে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। বাকিরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে, ভারতকে মানিয়ে নেওয়ার কাজটি করতে হবে এখন! এই মতের পক্ষে আছেন সুনীল গাভাস্কারও। প্রথম আলোর জন্য লেখা এক কলামে গাভাস্কার মন্তব্য করেছেন, বিশ্বকাপ সূচিতে ভারতের অসুবিধাই হয়েছে। শুরুতে বেশি বিরতি পেয়ে অসুবিধার মুখে পড়া ভারত শেষের দিকে আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন ম্যাচের আগে ছুটি পেয়েছে একদমই কম।

গাভাস্কার লিখেছেন, ‘নিজেদের ভেতরকার ঝামেলা নিয়ে ব্যস্ত ছিল বলেই হয়তো বিশ্বকাপ সূচি তৈরির সময় বিসিসিআই কর্মকর্তারা খুব ভালো করে সূচিটা খেয়াল করে দেখেনি। বুঝতে পারেনি, টুর্নামেন্টের অন্যতম দল ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে যখন বাকিরা প্রায় সবাই অন্তত দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। নিজেদের ঠিকমতো ঝালিয়ে নেওয়ার আগেই দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের মুখোমুখি হওয়া অবশ্যই কঠিন, যদিও প্রতিবেশী বাংলাদেশ ভারতের কাজ কিছুটা সহজ করে দিয়েছে প্রোটিয়াদের হারিয়ে।’

গ্পরু পর্বের শেষের দিকে ভারতের একটি ম্যাচের মাঝখানে মাত্র এক দিনের বিরতি। ৩০ জুন বিশ্বকাপের শীর্ষ ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে খেলে ২ জুলাই আবার বাংলাদেশের মুখোমুখি হতে হবে। এদিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন গাভাস্কার, ‘বিশ্বকাপ সূচিতে ভারতের জন্য আরও একটি ঝামেলা আছে, যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলে এক দিন বিরতির পর বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি প্রাণশক্তি শুষে নিতে পারে। এরপর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে ভারতকে ঝামেলায় পড়তে হতে পারে। ভারতই একমাত্র দল, যাদের মাত্র এক দিনের বিরতি আছে। পুরো সূচিতে আর কোনো দলের তা নেই, অনন্ত দুদিন বিরতি আছে বাকি সবার।’

ভারত নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছে ২৮ মে, বাংলাদেশের বিপক্ষে। এর ৮ দিন পর তারা খেলছে প্রথম ম্যাচ। এটিও ভারতের জন্য ভালো কিছু নয় বলে মনে করেন গাভাস্কার, ‘প্রস্তুতি ম্যাচ খেলে পুরো এক সপ্তাহ পর ভারত প্রথম ম্যাচটা খেলছে। অবশ্য শেষ পর্যন্ত এগুলো ততটা প্রভাবক হবে না, কারণ ভারত দলটা এত দারুণ এবং বৈচিত্র্যে ভরপুর। তবে যদি ভারতকে যদি ভুগতে হয়, এসব প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে।’

ভারত তাদের প্রথম ম্যাচে অবশ্য এখন পর্যন্ত গাভাস্কারকে স্বস্তিই দিচ্ছে। দক্ষিণ আফ্রিকা টানা তৃতীয় পরাজয়ের মুখে। দক্ষিণ আফ্রিকা ভারতকে দিয়েছে মোটে ২২৮ রানের লক্ষ্য! গাভাস্কার অবশ্য আগেই মন্তব্য করেছেন, ভারত প্রথম ম্যাচেই বাকি দলগুলোকে বার্তা দিয়ে রাখতে চায়, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ তারা জিততেই এসেছে।