বিশ্বকাপের সেই ম্যাচে জিতত কোন দল?

>কলম্বোর প্রেমাদাস্যা স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে যে দলটা জিতবে, তারাই হয়তো একটু জোর গলায় বলতে পারবে, ‘হ্যাঁ, ব্রিস্টলের ম্যাচটা বৃষ্টিতে হয়নি বলে আমাদেরই বেশি ক্ষতি হয়েছে।’
ব্রিস্টলের ওই ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল বলে খুব আক্ষেপ করেছিল বাংলাদেশ। একই রকম আক্ষেপে যে শ্রীলঙ্কাও পুড়েছে, সেটা বোধ হয় না বললেও চলে। স্বাভাবিক, ওই ম্যাচ থেকে যে দল দুই পয়েন্ট পেত, তাঁরা সেমিফাইনালের পথে একটু এগিয়ে যেত। কে জানে, তারপর হয়তো জয়ী দলটার বিশ্বকাপ আরও ভালোভাবে শেষ হতে পারত।
কিন্তু ওই ম্যাচ থেকে তো আর দুই দলই দুই পয়েন্ট করে পেত না, পেত যেকোনো একটা দল। তার মানে দুই দলই যে নিজেদের পয়েন্ট হাতছাড়া হয়েছে বলে আক্ষেপ করেছে, তার মধ্যে একটা দলের আক্ষেপই কেবল যৌক্তিক। সেটা কোন দল? কিছুটা বোঝা যাবে কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে যে দলটা জিতবে, তারাই হয়তো একটু জোর গলায় বলতে পারবে, ‘হ্যাঁ, ব্রিস্টলের ম্যাচটা বৃষ্টিতে হয়নি বলে আমাদেরই বেশি ক্ষতি হয়েছে।’
ওই ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম আলোর সঙ্গেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তো আমরা বিশ্বকাপ শিওর শট ধরে রেখেছিলাম। ওই ম্যাচ না হওয়ায় আমরা মানসিকভাবেই একটু ধাক্কা খেয়েছি।’
মাশরাফির এমন আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণও ছিল। ওয়ানডেতে দুই দলের সর্বশেষ দেখা গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপে, ওই ম্যাচটা হেসেখেলে জিতেছিল বাংলাদেশ। একই বছর মার্চে নিদাহাস ট্রফির দুটি ম্যাচেও জয় বাংলাদেশের। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তাই শিওর শট ধরে রাখতেই পারেন মাশরাফি।
অবশ্য এটাও সত্যি, ক্রিকেটে কখনো দুটি ম্যাচের এভাবে তুলনা করা যায় না। ব্রিস্টলে সেদিনের কন্ডিশন আর আগামীকাল প্রেমাদাসার কন্ডিশন নিশ্চয়ই এক না। ওই ম্যাচের চাপ আর এই ম্যাচের চাপও এক হবে না। আজ কলম্বোয় সংবাদ সম্মেলনে ওই বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের প্রসঙ্গ আসতে তাই বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বললেন, ‘এতে আসলে দুই দলের জন্যই ক্ষতি হয়েছে।’
সাম্প্রতিক লড়াইয়ের ফল বাংলাদেশের পক্ষে ছিল বলে ওই ম্যাচে বাংলাদেশই জিতত, এমন মনে করেন না তামিম, ‘বিশেষ করে বিশ্বকাপের ম্যাচ বলে দুই দলই জিততে চেয়েছিল। কারণ এই জয় আমাদের কিংবা তাদের দুটি পয়েন্ট দিত। দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তবে দুর্ভাগ্যজনক যে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।’
তবে এবার ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে। বাংলাদেশ খেলবে সাকিব, মাশরাফিদের অভিজ্ঞতা ছাড়া। নেই লিটন, সাইফউদ্দিনের মতো ফর্মে থাকারাও। এদের ছাড়াই যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে ওদেরই মাটিতে হারিয়ে দেয়, তাহলে তো জোর গলায় তামিম বলতেই পারেন, ‘হ্যাঁ ওই ম্যাচ আমরাই জিততাম।’
ব্রিস্টলের ভেসে যাওয়া সেই ম্যাচের জন্য তখন আক্ষেপ আরেকটু বাড়বে বৈকি!