বিশ্বকাপের সেরা কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রফি নিয়ে যাবে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড। কিন্তু বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিটা কে পাবেন? দেড় মাসজুড়ে চলা বিশ্বকাপে দারুণ কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছে দর্শক। তবে সেরা বাছাই করতে গেলে সেই তালিকাটা বেশ ছোটই হবে। বল হাতে ধারাবাহিকভাবে আলো ছড়িয়েছেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্করা। ব্যাটে দ্যুতি ছড়িয়েছেন কুমার সাঙ্গাকারা, মার্টিন গাপটিল ও এবি ডি ভিলিয়ার্স। আবার কোরি অ্যান্ডারসনের মতো কেউ কেউ দেখিয়েছেন অলরাউন্ড নৈপুণ্য। ম্যান অব দ্য টুর্নামেন্ট বাছাই করতে গেলে সবার আগেই চোখ যাবে এই কজনের দিকে। তবে ফাইনালে বাজিমাত করে এঁদের সবাইকে ছাড়িয়ে যেতে পারেন অন্য কেউও।
আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে টুর্নামেন্ট-সেরার পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৯২ বিশ্বকাপ থেকে। দল ফাইনালে উঠতে না পারলেও ওই বিশ্বকাপে ৪৫৬ রান করে টুর্নামেন্ট-সেরার পুরস্কারটা জিতেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো। শুধু ১৯৯২ বিশ্বকাপ নয়, এর পরও আরও দুবার এমন দুজন বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন, যাঁদের দল চ্যাম্পিয়ন হতে পারেনি। ১৯৯৯ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট ল্যান্স ক্লুজনারের দল দক্ষিণ আফ্রিকা ছিটকে গিয়েছিল সেমিফাইনালেই। পরের বিশ্বকাপের সেরা শচীন টেন্ডুলকারের ভারত ফাইনাল হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। বিশ্বকাপ ট্রফি জেতার পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার সৌভাগ্য হয়েছে সনাৎ জয়াসুরিয়া (১৯৯৬), গ্লেন ম্যাকগ্রা (২০০৭) ও যুবরাজ সিংয়ের (২০১১)।
এবার অবশ্য ফাইনালের দুই দল থেকেই সেরার দাবিদার আছেন বেশ কয়েকজন। রান-বন্যায় ভেসে যাওয়া বিশ্বকাপে বল হাতে ধারাবাহিক পারফর্ম করে গেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। উইকেটের হিসাবে ফাইনালের আগ পর্যন্ত বোল্ট (২১) এগিয়ে স্টার্কের (২০) চেয়ে। অকল্যান্ডে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই গ্রুপ ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন বোল্ট। সেদিন ২৮ রানে নিউজিল্যান্ডের ৬ উইকেট নিয়েও ম্যাচে হারের যন্ত্রণায় পুড়েছিলেন স্টার্ক। আজ বল হাতে যিনি জ্বলে উঠতে পারবেন, শুধু বিশ্বকাপ জেতা নয়, ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়েও তিনি এগিয়ে যাবেন অনেক দূর। উইকেটের হিসাবে এ দুজনের পরে আছেন উমেশ যাদব (১৮), মোহাম্মদ শামি (১৭) ও মরনে মরকেল (১৭)। তবে তাঁদের দল সেমিফাইনাল থেকেই ছিটকে যাওয়ায় টুর্নামেন্ট-সেরা হওয়ার দৌড়ে
ব্যাট হাতে যিনি সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন সেই কুমার সাঙ্গাকারার শ্রীলঙ্কাও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কোয়ার্টার ফাইনালে। তবে টানা চার সেঞ্চুরিসহ ৫৪১ রান নিয়ে এখনো এ বিশ্বকাপের সর্বোচ্চ রান সাঙ্গাকারার। টুর্নামেন্ট-সেরার বিবেচনাতেও তাই তিনি থাকবেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ইনিংসটি (২৩৭*) খেলা মার্টিন গাপটিল আছেন সাঙ্গাকারার খুব কাছাকাছি। ৮ ম্যাচে ৫৩২ রান করা গাপটিলের আজ সুযোগ থাকছে সাঙ্গাকারাকেও পেরিয়ে যাওয়ার। সে ক্ষেত্রে টুর্নামেন্ট-সেরার দৌড়েও এগিয়ে যাবেন অনেক।
গাপটিল-ম্যাককালামের মতো কোরি অ্যান্ডারসনের ব্যাটিংটা খুব বেশি চোখে পড়েনি। বল হাতেও তেমন বিধ্বংসী রূপে দেখা যায়নি তাঁকে। তবে এ পর্যন্ত অলরাউন্ড নৈপুণ্যে তাঁর কাছাকাছি কেউ নেই। ৮ ম্যাচে ২৩১ রান, বল হাতে ১৪ উইকেট। আজ বল কিংবা ব্যাট হাতে আলো ছড়িয়ে বিজয়ী দলে থাকলে স্টার্ক-বোল্ট কিংবা গাপটিলদের চমকে দিয়ে টুর্নামেন্ট-সেরা হয়ে যেতে পারেন তিনিও।