বিশ্বকাপের সেরা হলেন মেহেদী মিরাজ

১৪ ফেব্রুয়ারি এই মঞ্চেই উঠতে চেয়েছিলেন। হাতে নিতে চেয়েছিলেন ট্রফি। চাওয়া দুটি পূরণ হলো। কিন্তু এত ছোট নয়, মেহেদী মিরাজের স্বপ্ন ছিল আরও বড় ট্রফিটা উঁচিয়ে ধরার। তবে দলগত অপ্রাপ্তির হতাশা মুছে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হাসি মুখেই হাতে নিলেন টুর্নামেন্ট সেরার ট্রফি। এও তো কম গর্বের নয়!
অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। সেই সঙ্গে ব্যাটে-বলেও জ্বলে উঠেছেন। এবারের বিশ্বকাপে চারটি ফিফটিসহ ৬০.৫ গড়ে ২৪২ রান। পাশাপাশি ১৭.৬৬ গড়ে ১২ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার পথে মিরাজ বিপুল ব্যবধানেই পেছনে ফেলেছেন বাকিদের।
যুব বিশ্বকাপে এটি অবশ্য বাংলাদেশের প্রথম ব্যক্তিগত অর্জন নয়। গত দুটি আসরেই সর্বোচ্চ রান এসেছিল দুই বাংলাদেশি এনামুল হক বিজয় ও সাদমান ইসলামের ব্যাটে। তা এলেও এখনো দলীয় ট্রফিটা অধরাই। তবে এবার সেমিফাইনাল পর্যন্ত গেছে বাংলাদেশ। সামনে এই পথ ধরে আগামী প্রজন্ম আরও এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা মিরাজের।