বিশ্বকাপের স্পিন একাদশ

সাকিব আল হাসান: খুব বেশি স্পিন করাতে পারে না, তবে দারুণ স্মার্ট বোলার। মাত্রই বিগ ব্যাশ খেলল বলে কন্ডিশনের হাতে-কলমে অভিজ্ঞতা একদম টাটকা। সমস্যা হলো, ওকে ‘স্টক’ বোলার হতে হবে, কিপটে বোলিং করতে হবে, একই সঙ্গে আবার উইকেটশিকারিও হতে হবে। ওকে বেশি কার্যকরী হতে হলে তাই টাইগারদের বোলিং আক্রমণের অন্যদেরও পাশে দাঁড়াতে হবে, উইকেট নিতে হবে। সতীর্থদের কাছ থেকে এই সমর্থনটুকু না পেলে প্রতিপক্ষ সাকিবকে সাবধানে খেলে পার করে দেবে, জানেই যে অন্য বোলারদের খেলে ঠিকই রান করতে পারবে!
রবিচন্দ্রন অশ্বিন: অস্ট্রেলিয়ান কন্ডিশনের টাটকা অভিজ্ঞতা সঙ্গী অশ্বিনেরও। যদিও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ বা ত্রিদেশীয় সিরিজে খুব ভালো সময় কাটেনি। তবে এই অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে বিশ্বকাপে। বৈচিত্র্যে খুব চতুর, উইকেট থেকে পাওয়া বাড়তি বাউন্সটাও খুব উপভোগ করবে। পাওয়ার প্লেতে এবং ব্যাটসম্যানরা যখন আক্রমণ করতে চায়, ওই সময়ে অশ্বিন দারুণ পারফরমার।
রবীন্দ্র জাদেজা: ২০১৩ সালে ইংল্যান্ডে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে ছিল বড় অবদান। খুব বেশি স্পিন করাতে পারে না। কিন্তু ব্যাটসম্যানের আক্রমণের মুখে ওর অভিজ্ঞতা আর আইপিএলে এ ধরনের পরিস্থিতিতে অসংখ্যবার বল করার অভিজ্ঞতা হবে মহামূল্য। অস্ট্রেলিয়ার উইকেটে স্কিড করবে ওর বল। যদি লাইন-লেংথ ধারাবাহিকভাবে নির্ভুল রাখতে পারে, ব্যাটসম্যানরা ওকে মারতে গেলেই বিপাকে পড়বে।
ড্যানিয়েল ভেট্টোরি: অভিজ্ঞতা, টেম্পারামেন্ট, কন্ডিশন সম্পর্কে পূর্ণধারণা—ওর সবই আছে। ক্যারিয়ারের সেরা সময়টাকে হয়তো পেছনে ফেলে এসেছে। তবে নিখুঁত লাইন-লেংথ আর গতি ও ফ্লাইটে সূক্ষ্ম, চতুর বৈচিত্র্য মিলিয়ে এখন বিপজ্জনক। এই টুর্নামেন্টে খেলবে বলেই চোটের সঙ্গে লড়াই করে খেলা চালিয়ে গেছে। বিদায় নিতে চাইবে নিশ্চয়ই মাথা উঁচু করে!
ইয়াসির শাহ: সামর্থ্য আছে ১৯৯২ বিশ্বকাপে মুশতাক আহমেদের মতো কিছু করার। ভালো মানের লেগ স্পিনার খুব বেশি খেলছে না এই বিশ্বকাপে। ইয়াসিরের প্রতিভা ও সামর্থ্য আছে সফল হওয়ার। বল স্পিন করায় অনেক, এক্সট্রা বাউন্সও কাজে লাগবে। সাঈদ আজমল না থাকায় পাকিস্তানের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শহীদ আফ্রিদি: কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা আছে, দারুণ বৈচিত্র্যময়, বল স্কিড করানোর সামর্থ্যও আছে। ব্যাটসম্যানরা প্যাডের সামনে ব্যাট না এনে খেললে তাই বড় হুমকি হয়ে উঠতে পারে আফ্রিদি। এর মধ্যেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ দিয়েই বিদায় জানাবে ওয়ানডেকে। বিশ্বকাপ শিরোপার স্বাদ পাওয়ার শেষ সুযোগ, সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে এটিই।
সাচিত্রা সেনানায়েকে: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে ওর বোলিংয়ের ধরনটা খুব মানিয়ে যাবে। বল যেভাবে ওভার-স্পিন করায়, তাতে বাড়তি বাউন্স পাওয়ার কথা। কিপটে বোলিং, অ্যাথলেটিক ফিল্ডিং আর লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং মিলিয়ে রঙ্গনা হেরাথকে টপকে সাচিত্রাই সম্ভবত হবে শ্রীলঙ্কার প্রথম পছন্দের স্পিনার।
ইমরান তাহির: দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পেস আক্রমণের সুবিধা পাবে তাহির। পেসারদের সামলে ব্যাটসম্যানরা হয়তো চাইবে ওকে আক্রমণ করতে। স্পিনারদের মধ্যে শীর্ষ কাতারে ওকে রাখা মুশকিল, কিন্তু স্ট্রাইক রেট আলাদা করে নজর কাড়বেই।
মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনওয়ারি: আফগানদের পেস আক্রমণের দিকেই হয়তো দৃষ্টি থাকবে সবার। তবে এই দুজন মাঝের ওভারগুলোয় রান আটকে রাখে, গুরুত্বপূর্ণ কিছু উইকেটও নেয়। অধিনায়ক নবী উইকেট টু উইকেট বল করে, লম্বা বলে বাড়তি বাউন্স পাবে। শেনওয়ারি স্কিডি লেগ স্পিনার। দুজনকেই খাটো করে দেখলে ভুল করবে প্রতিপক্ষ।
জর্জ ডকরেল: বয়সযদিও মাত্র ২২, অনেক কম বয়স থেকে খেলছে বলে অভিজ্ঞতা অনেক। গত বিশ্বকাপেও ছিল, খেলেছে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। লাইন-লেংথ দারুণ, গত বিশ্বকাপে পারফরম্যান্সও ছিল ভালো। এবারও হবে আইরিশদের বড় ভরসা।