কাগজে-কলমে দুটি দলের মধ্যে বিস্তর ব্যবধান। দক্ষিণ আফ্রিকা যেখানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল, নিউজিল্যান্ডের অবস্থান সাতে। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান তিনজন (এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, কুইন্টন ডি কক), বোলার দুজন (ডেল স্টেইন, রায়ান ম্যাকলারেন); সেখানে নিউজিল্যান্ডের সবেধন নীলমণি ব্যাটসম্যান রস টেলর। সেই টেলরকে ছাড়াই কাল নিউজিল্যান্ডের মাউন্ট মনগানুইয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে নিউজিল্যান্ড। দলের সেরা ব্যাটসম্যানকে ছাড়া নিউজিল্যান্ড কি আরেকটু দুর্বল হলো না?
তবে আগেও দেখা গেছে, র্যাঙ্কিংয়ের এই ব্যবধান দুই দলের ম্যাচে কোনো প্রভাব ফেলে না। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দেওয়া কিংবা গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়—কিউইরা নিজেদের আন্ডারডগ ভাববে কেন? বরং ২০১৫ বিশ্বকাপের সহ-আয়োজকেরা নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে ভালোই। তবে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কাছে এই সিরিজটি আসছে মনস্তাত্ত্বিক যুদ্ধজয়ের সুযোগ হিসেবে। যদিও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স নিউজিল্যান্ডকে আগামী বিশ্বকাপের অন্যতম সেরার মর্যাদাই দিচ্ছেন, ‘আমি তাদের অন্যতম ফেভারিটই বলব। তারা সব সময়ই ওয়ানডেতে কঠিন প্রতিপক্ষ। তাদের খেলোয়াড়েরা নিজেদের মাটিতে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতাই করবে।’ এএফপি।