বিশ্বকাপ-স্বপ্ন নেই আমিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আমির
মোহাম্মদ আমির

১৫ ফেব্রুয়ারি, ২০১৫। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই অ্যাডিলেড ওভালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।স্ট্রাইকে শিখর ধাওয়ান, সিটি প্রান্ত থেকে নতুন বল হাতে ছুটে আসছেন মোহাম্মদ আমির...!
ভাবছেন এ কী করে সম্ভব? আমিরের নিষেধাজ্ঞার মেয়াদই তো শেষ হবে বিশ্বকাপ শেষ হওয়ার ছয় মাস পর! আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও কল্পনার চোখে এই দৃশ্যটি দেখছেন পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) অনেক কর্তাই। তবে যাঁকে নিয়ে ভাবনা, সেই আমিরেরই এই ভাবনা নেই। চুপসে যাওয়া মনটাকে আর আশার রঙে রাঙাতে চান না। যদি আশায় বুক বেঁধে আবার
আশাহত হতে হয়!
এমনিতে আমিরের ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা আগামী বছরের সেপ্টেম্বরে। তবে গত বছর আইসিসির বার্ষিক সভায় আমিরের নিষেধাজ্ঞা কমানো এবং বোর্ডের অধীনে অনুশীলন করতে দেওয়ার অনুমতি দিতে আবেদন জানায় পিসিবি। সেটার পরিপ্রেক্ষিতেই দুর্নীতি দমন বিধি পর্যালোচনা ও সংশোধনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে আইসিসি। কমিটির সুপারিশে আগামী অক্টোবরের সভায় কিছু সংশোধনী আনা হতে পারে। পিসিবি আছে সেই ভরসায়। আমির নিজের দোষ স্বীকার করেছেন এবং আইসিসির বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিয়েছেন। সংশোধনীর কোনো ধারা অনুযায়ী যদি নিষেধাজ্ঞা কমে আমিরের, তবে আগামী বিশ্বকাপে আবার পাকিস্তানের হয়ে মাঠে গতি আর সুইংয়ের ঝড় তুলতে দেখা যেতে পারে প্রতিভাবান এই বোলারকে।
তবে স্বয়ং আমিরের আশার সীমানাও এত দূর নয়। একটি টেলিভিশন টক শোতে ২২ বছর বয়সী পেসার বলেছেন, ‘আমি নিজেকে বিশ্বকাপ খেলতে দেখছি না। এই ভাবনা মোটেও বাস্তবসম্মত নয়, কারণ এ সবকিছু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমি স্রেফ পিসিবির প্রতি কৃতজ্ঞ যে তারা আমার ব্যাপারটি ভেবেছে। তবে যখনই আমাকে খেলার বা ট্রেনিং করার সুযোগ দেওয়া হোক, আমি প্রস্তুত থাকব।’
টক শোতে সম্ভাবনাময় ভবিষ্যতে তাকিয়ে গ্লানিময় অতীত থেকেও ঘুরে এসেছেন আমির। কণ্ঠে ঝরেছে আক্ষেপ, ‘আমি ভুল করেছিলাম। রাতারাতি খ্যাতি ও সম্পদ মাথা খারাপ করে দিয়েছিল আমার। ভুল পথে পা বাড়িয়েছিলাম। এমন অনেকেই আছে যারা ক্রিকেটারদের ভুল পথে পা বাড়াতে এবং দুর্নীতিতে জড়াতে প্রলুব্ধ করে। তাদের থামানো উচিত।’ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পিসিবিকে একটা পরামর্শও দিয়েছেন আমির, ‘আমি পিসিবিকে পরামর্শ দেব সিনিয়র ক্রিকেটারদের নিয়ে একটা কমিটি গড়তে যাঁদের কাজ হবে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে তরুণ ক্রিকেটারদের ওপর নজর রাখা। তরুণদের শিক্ষিত করা ও গড়ে তোলা যাতে তারা আন্তর্জাতিক ক্রিকেটের চোরাগলিগুলো এড়িয়ে চলতে শেখে।’
তবে পরক্ষণেই আবার দীর্ঘশ্বাস ছেড়ে স্বগতোক্তির মতো বলেছেন, ‘নতুনদের শিক্ষিত করে তুলতে সিনিয়ররা হয়তো ভূমিকা রাখতে পারে। তবে দিন শেষে সবচেয়ে বড় সত্য হলো, ব্যক্তিগতভাবে সবাইকে নিজের প্রতি সৎ থাকতে হবে। সৎ থাকলে কেউ বা কোনো কিছুই স্পর্শ করতে পারবে না।’
উপলব্ধিগুলো যদি সত্যি হয়, তাহলে বলা যায়, যখনই ফিরবেন, আগুনে পুড়ে খাঁটি হয়েই ফিরবেন আমির! রয়টার্স, ক্রিকইনফো।