বিশ্বকাপ-স্বপ্ন ফিকে রুমানাদের
ভারতের বিপক্ষে ম্যাচটাকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার ‘বড় সুযোগ’ বলেছিলেন অধিনায়ক রুমানা আহমেদ। কাল কলম্বোর এনসিসি মাঠে ম্যাচটা জিতলেই বিশ্বকাপ খেলা অনেকটা নিশ্চিত হতো বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। সুযোগ কাজে লাগাবে কী, সুযোগ তৈরিই করতে পারেননি রুমানারা! বাছাইপর্বের সুপার সিক্সে ভারতের কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের।
আগামীকাল সুপার সিক্সের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ ম্যাচে জিততে পারলে বিশ্বকাপে জায়গা পাবে বাংলাদেশ? সম্ভাবনা খুবই কম। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে চারে, সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পাঁচে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান। কিন্তু রানরেটে পিছিয়ে থাকায় শেষমেশ আশা ভঙ্গ হতে পারে রুমানাদের। জুনে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সুপার সিক্সের শীর্ষ চার দল।
স্কোরবোর্ডে প্রথম রান যোগ করতেই বাংলাদেশের লেগেছে ১১ বল, প্রথম বাউন্ডারি মারতে ১৯ ওভার। ১৪ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের রান তোলার গতি আরও ধীর হয়েছে। তৃতীয় উইকেটে ফারজানা হক-শারমিন আক্তার ৬২ রানের জুটি গড়েছেন ঠিকই, তবে এই রান তাঁরা তুলেছেন ১৪০ বল খেলে। টুর্নামেন্টে তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন ফারজানা। হয়তো উইকেট বাঁচিয়ে শেষ দিকে চালিয়ে খেলার পরিকল্পনা ছিল। ৪০ ওভারে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৯৭, রানরেট ২.৪২। শেষ ১০ ওভারে ৫৮ রান তুলে কোনোভাবে রানরেট তিনের ওপর নিতে পেরেছেন রুমানারা। ৮ উইকেটে তাঁদের স্কোর দাঁড়ায় ১৫৫।
বাংলাদেশের মেয়েদের শম্বুকগতির ব্যাটিংয়ের বিপরীতে ভারতের মেয়েরা রান তুলেছে অনায়াসে। দলীয় ২২ রানে খাদিজাতুল কোবরা আউট করেন দীপ্তি শর্মাকে। কিন্তু অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট মোনা মেশ্রাম-মিতালির ১৩৬ রানের জুটি ভারতকে জিতিয়ে দেয় ৯ উইকেটে। মেশ্রাম অপরাজিত থাকেন ৭৮ রানে, ভারতীয় অধিনায়ক মিতালি ৭৩ রানে।
বিশ্বকাপ খেলার স্বপ্নটা যদি পূরণ না-ও হয়, বাছাইপর্বে শ্রীলঙ্কাকে হারানোর গর্ব নিয়ে ফেরার চেষ্টাটা অন্তত করতে পারেন রুমানারা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ১৫৫/৮ (ফারজানা ৫০, শারমিন ৩৫, নিগার ১৮, সালমা ১৪, রুমানা ১১, শায়লা ১০*; জোশি ৩/২৫, বৈদ্য ২/১৭)। ভারত: ৩৩.৩ ওভারে ১৫৮/১ (মেশ্রাম ৭৮*, মিতালি ৭৩*, দীপ্তি ১; খাদিজা ১/৩৭, পান্না ০/১৬, সালমা ০/২৯, জাহানারা ০/৩৫, রুমানা ৩৯/০)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: মোনা মেশ্রাম (ভারত)।