বিশ্বচ্যাম্পিয়নদের নাকাল করেই চলেছে বাংলার যুবারা

তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। হোক না ছোটদের, বিশ্বকাপ তো। সেই দক্ষিণ আফ্রিকা যুবদল বাংলাদেশের তরুণদের কাছে রীতিমতো নাকানি-চুবানি খাচ্ছে। বাংলাদেশে এসে ৭-০ ব্যবধানের বিশাল বাংলাওয়াশ কোনোমতে এড়ানোর পর এবার নিজেদের মাঠে ফিরতি সিরিজে প্রথম দুটো ম্যাচেই হেরেছে। সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে ২৯ রানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
প্রথম ম্যাচের মতো আজও বড় ভাইদের হয়ে এক রকম প্রতিশোধ নিল অনুজেরা! দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সর্বশেষ ৯ ওয়ানডের আটটিই জিতল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ঘরের মাঠের সিরিজে জিতেছে ৬-১ ব্যবধানে। এর পর ফিরতি সিরিজে শুরুতেই ২-০তে এগিয়ে থাকা দেবে বাড়তি মানসিক শক্তি। যুবাদের অবিশ্বাস্য ধারাবাহিকতার সাক্ষী হয়ে আছে সাম্প্রতিক রেকর্ড। সর্বশেষ ২১ ম্যাচের ১৬টিতেই জিতেছে তারা।
বৃষ্টির কারণে আজকের ম্যাচটা নেমে এসেছিল ৩০ ওভারে। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার ধাক্কা সামলে অধিনায়ক মেহেদি হাসানের ৫৭ রানের ইনিংসে ৫ উইকেটে ১৫৭ তুলেছিল বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ১২৮ তুলে থামতে হয় প্রোটিয়া যুবাদের। বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। মেহেদি তাঁর অফ স্পিনে ৩৩ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট। হয়েছেন ম্যাচ সেরাও।
একে তো ডারবানের অচেনা কন্ডিশন। তার ওপর বৃষ্টি। বাংলাদেশের তরুণদের জন্য কঠিন পরীক্ষার মঞ্চ প্রস্তুত ছিল। সেই পরীক্ষায় পাস নম্বর পাননি বাংলাদেশের দুই ওপেনার। প্রথম ম্যাচে ১৩৫ রানের জুটি গড়েছিলেন। এবার জয়রাজ শেখ আর পিনাক ঘোষের জুটি ভাঙল ১৮ রানেই। পিনাকের পথ ধরে জয়রাজ, এর পর নাজমুল হোসেনও ফিরে এলেন খানিক পরে। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৬৩। ওভারে সাড়ে তিন করে রান।
এর পরই রানের গতি বাড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। শেষ ৫ ওভারে ৪৯ রান তুলে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশের যুবারা। ৫০ বলে ৫৭ করেন মেহেদি। মেরেছেন ৮টি চার। জাকিরের ৩০ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসটাও বড় ভূমিকা রাখে। ২টি চারের পাশাপাশি ইনিংসের একমাত্র ছক্কাটিও মেরেছেন এই উইকেটরক্ষক। এ ছাড়া তিনে নেমে সাইফ করেছেন ২৯।
৩০ ওভারে ১৫৮, খুব কঠিন কোনো লক্ষ্য নয়। কিন্তু বাংলাদেশের বোলারদের কোনো উত্তর যেন খুঁজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। আগের সিরিজে এতগুলো ম্যাচ খেলেও তাদের গবেষণা-বিশ্লেষণও সব অকার্যকর করে দিচ্ছে বাংলাদেশের বোলাররা। আজও নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকলে আস্কিং রান রেট চড়তে থাকে ওপরে। ৭৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। মনে হচ্ছিল তারা এক শর নিচেই বোধ হয় অলআউট হয়ে যাবে।
কিন্তু নাছোড় আকিল এব্রাহিমের ৩৪ বলে ৩৯ রানের ইনিংসটা বাংলাদেশের জয় বিলম্বিত করেছে। এব্রাহিম তিনটা ছক্কা হাঁকিয়ে যেন ভয়ই দেখাচ্ছিলেন। কিন্তু তাঁকে বোল্ড করে থামান মেহেদি। পরের বলে ফিরিয়েছেন জিয়াদ আব্রাহামসকেও। মাত্র ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন আরেক অফ স্পিনার মোসাব্বেক হোসেন। ডানহাতি পেসার রিফাত প্রধান নিয়েছেন দুই উইকেট। বাঁ হাতি স্পিনার সালেহ আহমেদ উইকেট নিয়েছেন একটি।
সিরিজের তৃতীয় ম্যাচটি শুক্রবার, পিটারমারিজবার্গে।