বিশ্বচ্যাম্পিয়ন হবে কারা? বলে দিলেন নাসের হুসেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডই জিতবে বিশ্বকাপ, মনে করছেন নাসের হুসেইন। ছবি: রয়টার্স
ইংল্যান্ডই জিতবে বিশ্বকাপ, মনে করছেন নাসের হুসেইন। ছবি: রয়টার্স
>নাসের হুসেইন বলছেন, সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জিতবে ভারত ও ইংল্যান্ড। আর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড।

দশ দলের বিশ্বকাপ এখন চার দলের। কাঙ্ক্ষিত শিরোপার জন্য প্রতিটি দলই জোরেশোরে চেষ্টা চালাবে। তবে সেমিফাইনাল মাঠে গড়ানোর আগেই নাসের হুসেইন ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন। সেমিফাইনালে কারা জিতবে, ফাইনালে চ্যাম্পিয়ন হবে কোন দল—সবকিছুই জানিয়ে দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক। নাসেরের মতে ইংল্যান্ডই জিততে যাচ্ছে এবারের বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন নাসের হুসেইন। সে সুবাদে দলগুলোকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। কোন দলের শক্তিমত্তার জায়গা কোনটি, কোন দল আবার কীসে দুর্বল, সবকিছুই দেখা হয়েছে তাঁর। সে অভিজ্ঞতা থেকেই নাসের বলছেন, প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড।

ফাইনালের ভবিষ্যদ্বাণী করার আগে দুই সেমিফাইনাল নিয়ে কথা বলেছেন ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া নাসের হুসেইন। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে ভারত। এ ম্যাচে ভারতকে নিরঙ্কুশ ফেবারিট মানছেন নাসের। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত একটু বেশিই শক্তিশালী। তারা বড় রান করবেই। নিউজিল্যান্ড এ টুর্নামেন্টে এখনো তাদের সেরাটা দিতে পারেনি। সত্যি বলতে, কিছুটা ভাগ্যের সহায়তা নিয়েই তারা সেমিফাইনালে উঠেছে। ভারত যে রান করবে তা তাড়া করার মতো পর্যাপ্ত কিউই ব্যাটসম্যান কি ফর্মে আছে? আমার তো সেরকমটা মনে হয় না।’

আরেক সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাসের হুসেইনের ইংল্যান্ড। টুর্নামেন্টে দুই দলের মোকাবিলায় ইংল্যান্ডকে সহজেই হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে তাই মানসিকভাবে অস্ট্রেলিয়ারই এগিয়ে থাকার কথা। কিন্তু নাসের বলছেন উল্টোটা। অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড, এমনটাই মনে করছেন নাসের, ‘ইংল্যান্ড এটা ভেবে খুশি হবে যে তারা লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে না। গ্রুপ পর্বের ম্যাচেই দেখা গেছে, অস্ট্রেলিয়ার খেলার ধরনের সঙ্গে লর্ডস বেশ মেলে। এজবাস্টনের তুলনায় লর্ডসে তাদের সুইং বোলাররা ইংলিশ ব্যাটসম্যানদের বেশি ঝামেলায় ফেলতে পারত। ইংল্যান্ড এজবাস্টনে খেলতে ভালোবাসে। আমি তাই ইংল্যান্ডকেই বেছে নেব।’

সেমিফাইনালের ভবিষ্যদ্বাণী তো দিলেন, ফাইনাল জিতবে কে? সে উত্তরও দিয়েছেন তিনি। ভারত-ইংল্যান্ড ফাইনালে নাসেরের পাল্লাটা ইংল্যান্ডের দিকেই ঝুঁকেছে, ‘ইংল্যান্ড যদি ভারতকে দুবার হারাতে পারে, তাহলে কোনো সন্দেহ নেই তারাই এ টুর্নামেন্টের যোগ্য দাবিদার হবে। এবং এটা নিয়ে কারওর দ্বিমত করার কোনো সুযোগও থাকবে না। ভারত দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার আছে, কিন্তু তবুও তাদের দলে কিছু ফাঁক-ফোকর আছে। অন্যদিকে ইংল্যান্ড দলে আমি কোনো খামতি দেখি না। আমি ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখছি।’