বিশ্বজুড়ে জয়গান মাশরাফিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজুড়ে জয়গান মাশরাফিদের
বিশ্বজুড়ে জয়গান মাশরাফিদের

বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নেই—পাঁচ বছর আগে এমন কঠোর মন্তব্য করে বসেছিলেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার জিওফ বয়কট।
তামিম ইকবালরা তখন প্রতিবাদ জানিয়েছিলেন। আসল জবাবটা বাংলাদেশ দিয়েছে মাঠেই, এরপর মুখোমুখি ছয় সাক্ষাতে তিনবারই হেরেছে ইংল্যান্ড। তবে পরশুর পরাজয় রীতিমতো শেল হয়ে বিঁধেছে ইংল্যান্ডের বুকে। বিশ্বকাপ-যাত্রা শেষ হয়ে যাওয়ার লজ্জা তাড়িয়ে বেড়াবে অনেক দিনই। হারের পর শুধু ইংল্যান্ডের সমালোচনাই করে গেছেন। অবশেষে কাল বাংলাদেশকে টুইটারে অভিনন্দন জানালেন ‘ঠোঁটকাটা’ বয়কট, ‘বাংলাদেশ অসাধারণ ছিল। আত্মবিশ্বাস, সাহস, আস্থা নিয়ে খেলেছে তারা।’
বাংলাদেশকে প্রশংসা-স্তুতির জোয়ারে ভাসিয়েছে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রচারমাধ্যমও। অস্ট্রেলিয়ার পত্রপত্রিকায় উঠে এসেছে অকৃপণ প্রশংসা। সিডনি মর্নিং হেরাল্ড-এর শিরোনাম, ‘লজ্জা নিয়ে ফিরে গেল ইংলিশরা’। ডেইলি টেলিগ্রাফ লিখেছে, ‘কী অসাধারণ! ইংলিশরা বিধ্বস্ত’।
অন্যদিকে ইংল্যান্ডের এমন পরাজয়ে সে দেশের প্রচারমাধ্যমে চলছে দলের মুণ্ডুপাত। গার্ডিয়ান, টেলিগ্রাফ, ডেইলি মেইল, মিরর, ইনডিপেন্ডেন্ট-এ চাঁছাছোলা সমালোচনা মরগান-মুরসদের। ধুয়ে দিয়েছেন ইয়ান বোথাম, মাইকেল ভনরাও। বাংলাদেশের প্রশংসাও করেছেন কমবেশি সবাই। এর মধ্যে সাবেক ইংলিশ ক্রিকেটার ও এখন বিশ্লেষক মাইক সেলভির কথাগুলো বাকিদের চেয়ে আলাদা, ‘একজনকে সমালোচনা করলে আরেকজনের প্রশংসা করা যাবে না এমন কোনো কথা নেই। বাংলাদেশ আকাশ থেকে জয়টা পায়নি, মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল ক্রিকেট খেলেই জিতেছে।’
কোয়ার্টার ফাইনালের সমীকরণে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ এখন ভারত। সে দেশের সংবাদমাধ্যমেও বাংলাদেশের অ্যাডিলেড-কীর্তির ফলাও প্রচার। টাইমস অব ইন্ডিয়া ছয় কলামজুড়ে ছবি ছেপে দিয়েছে বড় এক শিরোনাম, ‘বাঘের গর্জন শুনেছে বিশ্ব’। টেলিগ্রাফ স্মরণ করেছে মাশরাফির সেই প্রেরণাদীপ্ত কথা, ‘মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গীকৃত যে জয়’।
কলকাতার দৈনিক আনন্দবাজার-এর শিরোনাম, ‘বাংলাদেশের ব্রিটিশ-বধ’। ‘বাইক থেকে মিছিল, রাজপথের রং লাল-সবুজ’ শিরোনামের একটা লেখায় উঠে এসেছে অনেক প্রশংসা, ‘ব্যাঘ্রগর্জনে আজ নিহত ব্রিটিশ-সিংহ। পদ্মাপারে জীবনের রং একটাই। প্রিয়, অতি প্রিয় লাল-সবুজ।’ দৈনিক এবেলা-এর এক পাতাজুড়ে ছবির বড় ক্যাপশন, ‘বাংলার বিক্রম’। আজকাল এগিয়ে আরও এক ধাপ, ‘ব্রিটিশ সিংহদের হারাল বাংলার বাঘের দল।’